টাকা পাচারের অভিযোগ ছাতকের ইউপি চেয়ারম্যান ও তাঁর লন্ডন প্রবাসী ছেলে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
জেলার ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান (বিগত মেয়াদের) সুন্দর আলী ও তাঁর ছেলে শিহাব আহমদ ওরফে শিপনকে মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ৩ কোটি ৮৩ লাখ টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানান। শনিবার বিকাল সাড়ে ৪ টায় গ্রেপ্তারকৃত সুন্দর আলী ও তাঁর ছেলে শিপনকে জেল হাজতে পাঠানো হয়।   দুদকের একজন কর্মকর্তা জানান, ছাতকের গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান (বিগত মেয়াদের) গত ৩১ মার্চ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত সুন্দর আলী ছাতকের বিভিন্ন মৌজায় ৩ একর ২০ শতক জমি ক্রয় করেন। যার মূল্য ৩ কোটি ৮৩ লাখ টাকা। বিক্রেতাদের জমির মূল্যের পাওনা টাকা পরিশোধ করা হয় লন্ডনে। বিক্রেতার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমি রেজিস্ট্রি করে মালিক হন তিনি। এ নিয়ে মানি লন্ডারিং আইনে সুন্দর আলীর-ই একজন আত্মীয় রুহুল আমিন স্পেশাল জজ আদালতে (৪১/২০১৫) মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠান। কমিশনের পরিচালক ড. আবুল হোসেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জুয়েল আহমদ ও উপ-সহকারী পরিচালক রঞ্জিত কর্মকারকে।
দুদকের তদন্তকারী দল শুক্রবার রাত ২ টায় যুক্তরাজ্যে যাওয়ার সময় সিলেট বিমানবন্দর এলাকা থেকে পুলিশের সহায়তায় সুন্দর আলীর ছেলে শিহাব আহমদ ওরফে শিপনকে এবং শনিবার বিকালে পুলিশের সহায়তায় সুন্দর আলীকে তাঁর গোবিন্দগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর বিকালেই সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমাণ্ড প্রার্থনা করেন দুদকের কর্মকর্তারা । আদালত ২ জনকেই জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘সুন্দর আলী ও তাঁর ছেলেকে মানি লন্ডারিংয়ের একটি মামলায় দুর্নীতিদমন কর্তৃপক্ষ গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করেছেন’।