টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা নিয়ে ওই এলাকার একজন সাবেক সংসদ সদস্য ধারাবাহিকভাবে ফেসবুকে কিছু মতামত তুলে ধরছেন। তিনি নিজের মতামত তুলে ধরে সকলকে মুক্ত আলোচনার আহ্বান জানিয়েছেন। কিন্তু সংগত কারণেই তার পোস্টের উপর পরামর্শমূলক মুক্ত আলোচনা তেমনভাবে শুরু হয়নি। টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা বিষয়টির উপর ব্যাপকভাবে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের মতামতসহ স্থানীয় জেলে-কৃষক সম্প্রদায়ের অভিজ্ঞতা বিনিময় হতে পারত সমস্যা সমাধানের একটি উপযুক্ত পন্থা। কিন্তু কেন জানি বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে কোন আলাপ-আলোচনাই শুরু করানো যাচ্ছে না। গত এক যুগের কিছু বেশি সময় ধরে টাঙ্গুয়ার হাওরটি সরকারি ব্যবস্থাপনার আওতায় পরিচালিত হয়ে আসছিল, এখনও সেরকমই আছে। তবে ব্যবস্থাপনায় সহযোগী হিসাবে নিয়োজিত আইইউসিএন নামক এনজিও তাদের প্রকল্পমেয়াদ বর্ধিত না করায় এখন এখানে বেসরকারি অংশগ্রহণ আর নেই। গত এক যুগ যাবৎ সরকারিভাবে টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনার মধ্য দিয়ে দৃশ্যত হাওরের জীব ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কোন সফলতার দেখা মিলেনি। বরং এই সময়ে ব্যাপকভাবে হাওরের মাছ, পাখি, বৃক্ষ ও জলজ গুল্ম নিধন হয়েছে। মাছের খনি হিসেবে বিবেচিত টাঙ্গুয়ায় এখন কোন মাছ নেই। হাওরের হিজল-করস বাগ ধ্বংস হয়েছে গণহারে। গাছ ও মাছ যেহেতু নেই তাই অতিথি পাখির আসাও কমে গেছে। ব্যবস্থাপনার এই এক যুগের ব্যর্থতা কিংবা অসফলতার বিষয়টি সামনে এনে এতদ্বিষয়ে সরব সাবেক সংসদ সদস্য সাবেকি ইজারাদারি প্রথার পক্ষে নানা তথ্য-উপাত্ত তুলে ধরছেন। তাঁর যাবতীয় যুক্তি উপস্থাপনের মূল উদ্দেশ্য কী সেটি এখনও পরিষ্কার নয় তবে স্থানীয়রা অনেকেই ধারণা করছেন তিনি বিশাল এই হাওরকে সাবেকি ইজারাপ্রথা বা বিনিয়োগের আওতায় নিয়ে আসার পক্ষপাতী। ঠিক এই মুহূর্তে পরিসংখ্যানগত বিচারে তিনি কিছুটা সুবিধাজনক অবস্থানেও রয়েছেন। কারণ পরিসংখ্যান বা মানুষের অভিজ্ঞতা অনুসারে ইজারাদারি যুগের চাইতে এখন টাঙ্গুয়ায় সব সম্পদেরই অনেক বেশি বিনাশ সাধিত হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, একটি ব্যবস্থাপনাগত দুর্বলতার বিষয় ঢাকতে কি আমাদের আবারও পিছিয়ে সেই সামন্তযুগীয় জায়গায় ফিরে যেতে হবে? আর এ কারণেই টাঙ্গুয়ার হাওর নিয়ে বিশেষজ্ঞ আলোচনার গুরুত্ব অপরিসীম। আমরা জাতীয় পর্যায়ের মৎস্য, উদ্ভিদ, পাখি ও প্রাণী বিজ্ঞানী, হাওর ও পরিবেশ বিশেষজ্ঞ ব্যক্তিগণকে টাঙ্গুয়ার হাওর নিয়ে একটি জাতীয় আলোচনা শুরুর তাগিদ অনুভব করছি। সুনামগঞ্জের জেলা প্রশাসনকে আমরা প্রাথমিক স্তরে এমন একটি আয়োজন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এখানে হাওর, জেলে ও কৃষকদের নিয়ে কাজ করেন এমন সব রাজনৈতিক দলগুলোর নিষ্ক্রিয়তা আমাদের অবাক করেছে। দেশের কোন কৃষক সংগঠনের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর নিয়ে করণীয় বিষয়ে কোন মতামত আমাদের নজরে পড়েনি। এটি সংগঠনগুলোর রাজনৈতিক দেওলিয়াত্বের পরিচায়ক বলেই আপাতত আমরা দেখতে চাই। আমরা জানি টাঙ্গুয়া বা সংযুক্ত তাহিরপুর-বিশ্বম্ভরপুর এলাকায় ভাসান পানিতে মাছ ধরার বড় এবং দীর্ঘমেয়াদী একটি আন্দোলন হয়েছে। আন্দোলনটি সফলতার মুখও দেখেছে। এখানে বহু জেলে-কৃষকের আত্মদান ও ত্যাগের ইতিহাস আমাদের স্মৃতিতে উজ্জ্বল। কিন্তু ভাসান পানি আন্দোলনে জড়িত সংগঠনগুলোও কেন এখন মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন সেটি আমাদের বোধগম্য নয়।
এরকম একটি দমবদ্ধ অবস্থা থেকে অচিরেই বেরিয়ে আসা উচিৎ। সুনামগঞ্জের অর্থনীতির অন্যতম স্তম্ভরূপে বিবেচিত টাঙ্গুয়ার হাওরকে রক্ষার জন্য সকল মহলের সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। কোন ইজারাদার কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ নয়, হাওর ও হাওরবাসীর স্বার্থের বিষয়টিকেই প্রাধান্য দিতে হবে সর্বাগ্রে।
- ছাতকে সহপাঠীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত, আটক ২
- ছাতকে মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশগনকে নমিনী কার্ড প্রদান

