স্টাফ রিপোর্টার
টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী’র কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক কবির বিন আনোয়ার বলেছেন,‘ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর প্রায় ৯ বছর দেখভাল করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন)। সুনির্দিষ্টভাবে বললে- এই সময়ে হাওরের মাছ ও জীব বৈচিত্র রক্ষায় আইইউসিএন ব্যর্থ হয়েছে। তবে হাওর পাড়ের মানুষ জীব-বৈচিত্রের বিষয়ে কিছুটা সচেতন হয়েছে।’
তিনি বলেন, ২০১৫ সালেই আমরা সুপারিশ করেছিলাম টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিন নৌকা ঢুকা বন্ধ করে দিতে হবে। হাওরের আশপাশে কীটনাশকের প্রতিক্রিয়া সম্পর্কে স্টাডি করতে হবে। আনসারের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ইকোটোরিজম যুক্ত করতে হবে। অভয়াশ্রমগুলোতে মাছ ধরা একেবারেই বন্ধ রাখতে হবে।’
আইইউসিএনসহ সকলকে সতর্ক করে তিনি বলেন,‘জীব-বৈচিত্র রক্ষায় দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে। টাঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র ধ্বংসকারীকে কোনভাবেই
ছাড় দেওয়া হবে না। তিনি যত প্রভাবশালী বা যার লোকই থাকেন না কেন। প্রধানমন্ত্রী’র নির্দেশ অনুযায়ী এখানে ন্যায্যতা রক্ষা হবে পুরোপুরি। টাঙ্গুয়ার হাওরের মধ্যবর্তী স্থান হাতিরঘাতায় টহল স্টেশন হবে। এখান থেকেই দূর-দর্শনের মাধ্যমে হাওর দেখভাল হবে।’
শনিবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার, আইইউসিএন’র প্রকল্প সমন্বয়কারী ওয়াহিদুজ্জামান সরকার, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, প্রথম আলো’র জেলা প্রতিনিধি খলিল রহমান, কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘রাষ্ট্রীয় সম্পদ টাঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র রক্ষায় কঠোর থাকবে প্রশাসন। যারা আইন লঙ্ঘন করবে কেবল তারা নয়, যারা আইনের রক্ষক তাদের গাফিলতি, কিংবা অনিয়ম সহ্য করা হবে না।’
প্রসঙ্গত. দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর ২০০৩ সালে জেলা প্রশাসন দেখভালের দায়িত্ব নেয়। ২০০৬ সালের ডিসেম্বরে এর দেখভালের দায়িত্ব পায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন)। ২০১৬ সালের আগস্ট পর্যন্ত তারা টাঙ্গুয়ার হাওর দেখভালের দায়িত্বে ছিল। এরপর আবার ১৬ মাসের জন্য অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেখভালের দায়িত্বে রয়েছে আইইউসিএন।


