টাঙ্গুয়ার হাওরে ট্রলারডুবি ২ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরে ট্রলারডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার বিকাল ৪টায় টাঙ্গুয়া হাওরের রংসি গ্রামের সামনে থেকে ফজলু মিয়া (৩৫)কে এবং রামসিংহপুর গ্রামের সামনে থেকে সকাল ৭টায় ৩ বছরের শিশু জুবায়েলকে উদ্ধার করেছে এলাকাবাসী।
জানা যায়, সোমবার সন্ধ্যায় টাঙ্গুয়া হাওরের হাতিরঘাতা এলাকায় ছোট একটি ট্রলারডুবির ঘটনায় এরা নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা       জানান, সোমবার বিকালে হাওরপাড়ের লামাগাঁওয়ে অষ্টমী মেলায় মিষ্টির দোকান দেবার জন্য ইন্দ্রপুর থেকে ছোট একটি ট্রলারে হাওর পাড়ের রামসিংহপুরের উদ্দেশ্যে রওয়ানা হলে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ হন। নিখোঁজের সবাই উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা।
এ রিপোর্ট লিখা পর্যন্ত উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের হযরত আলী ও লাকমা গ্রামের জাকির হোসেন নিখোঁজ রয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর টাঙ্গুয়ার হাওরে ২ জন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।