স্টাফ রিপোর্টার
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে দু’দল জেলের সংঘর্ষে একপক্ষের জেলেরা লগি – বৈঠা দিয়ে পিটিয়ে পানিতে ফেলে এক বৃদ্ধাকে নির্মম ভাবে হত্যা করেছে। নিহত জেলের নাম মুসাব্বির মিয়া (৫৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মৃত আরজত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রামসার প্রকল্পভুক্ত জেলা প্রশাসনের তদারকিতে থাকা টাঙ্গুয়ার হাওরের আলমের দুয়ার নামক জলমহালে রবিবার রাত প্রায় ১ টার সময় দুই গ্রামের দু’দল জেলে অবৈধভাবে চুরি করে মাছ ধরতে যায়।
টাঙ্গুয়ার হাওরের আলমের দুয়ার জলমহালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মুসাব্বিরের ছেলে তোফায়েল গংরা কারেন্ট
জাল ফেলে মাছ ধরতে থাকে। একই সময়ে পাশর্^বর্তী কালাশ্রীপুর গ্রামের আবদুল খালিকের ছেলে আলাল গংরা কারেন্ট জালের ওপর কোনা জাল ফেলে মাছ ধরতে থাকলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দু’পক্ষই নৌকার মধ্যে থাকা লগি বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লগি বৈঠা দিয়ে পিটিয়ে পানিতে ফেলে দেয় মুসাব্বির মিয়াকে। এসময় পানিতেই মুসাব্বির মিয়ার মৃত্যু ঘটে। সোমবার সকালে নিহত মুসাব্বিরের ছেলে ও তাদের সহযোগী জেলেরা লাশ পানিতে থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া জানান সোমবার সকালে টাঙ্গুয়ার হাওরে এক জেলে মারা গেছে বলে শুনেছেন তিনি।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- মহব্বতপুর উপস্বাস্থ্য কেন্দ্র ডাক্তার আছেন সেবা নেই


