তাহিরপুর প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরে ট্রলার ডুবির পাঁচ দিন পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিখোঁজ হযরত আলীর লাশ শুক্রবার উদ্ধার করেছে স্বজনরা। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রতনপুর গ্রামের মরম আলীর ছেলে। এ নিয়ে ওই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করা হল।
তাহিরপুর থানা এসআই (উপ-পরিদর্শক) তপন চন্দ্র দাস বলেন, উপজেলার টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা নামক জলমহাল থেকে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ভাসমান অবস্থায় হযরত আলীর লাশ স্বজনরা উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার রাতে হাতিরগাতা থেকেই উপজেলার লাকমা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকির হোসেনের লাশও উদ্ধার করা হয়েছিল।
জানা যায়, উপজেলার শিববাড়ির মেলায় মিষ্টির দোকান নিয়ে যাবার পথে টাঙ্গুয়ার হাওর ট্রলার দিয়ে পাড়ি দেয়ার
সময় গত সোমবার রাতে ট্রলারে থাকা, নারী শিশুসহ ৮ জন নৌকা ডুবিতে নিখোঁজ হন। ওই সময় ট্রলারে থাকা অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও ১ শিশু সহ অপর ৩ ব্যবসায়ী নিখোঁজ হন। ঘটনার ৩ দিন পর বুধবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বাগলী গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে ফজল মিয়া ও তার আড়াই বছরের শিশু সন্তান জুবায়েরের লাশ হাওর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।’
জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন জানান, হাওরে ট্রলার ডুবির ঘটনায় শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ব্যবসায়ী হযরত আলীর লাশ উদ্ধার করার মধ্যে দিয়ে নিখোঁজ ৪ জনের লাশই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশগুলো শনাক্তকরণের পর তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


