টাঙ্গুয়া হাওরে অতিথি পাখি কম, হতাশ দর্শনার্থীরা

তাহিরপুর প্রতিনিধি
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে প্রতি মৌসুমে সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মাইল পথ পাড়ি দিয়ে অতিথি পাখি আসলেও এ বছর অতিথি কম আসায় হতাশ দর্শানার্থীরা।
বর্তমানে টাঙ্গুয়া হাওরে লেনজা হাঁস, পিং হাস, বালি হাঁস, সরালি কাইম, গংগা কবুতর, কালাকূড়া, পিয়ারিসহ বিভিন্ন রঙ্গের অতিথি আসলেও তা অন্য বছরের তুলনায় অনেক কম। যা ইতিমধ্যে এসেছে তা আবার শিকার করে চুরি করে স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে।
পাখি বিশেষজ্ঞরা মনে করছেন, পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত টাঙ্গুয়া হাওরে পাখির আবাসস্থল তৈরি করতে কার্যকরী কোনো উদ্যোগ নিতে না পারায় বিশাল এই হাওর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে অতিথি পাখি।
জানা যায়, ১৯৯৯ সালে টাঙ্গুয়া হাওরকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২০ জানুয়ারি ইরানের এক সম্মেলনে এ হাওরকে রামসার এলাকাভুক্ত       
করা হয়। ২০০৩ সালের নভেম্বর থেকে ইজারা প্রথা বাতিল করে পরিবেশ ও বন মন্ত্রণালয় হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও রামসার নীতি বাস্তবায়ন লক্ষে উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু গত ১৭ বছরেও টাঙ্গুয়া হাওরে কোন উন্নয়ন হয়নি বরং যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে।
জেলা প্রশাসন দায়িত্ব পাওয়ার পর পাখি বিজ্ঞানী ও আইইউসিএনের তথ্য মতে, টাঙ্গুয়া হাওরে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২১৯ প্রজাতির পাখি ছিল। পৃথিবীর বিলুপ্তপ্রায় প্যালাসিস ঈগল পাখিও আছে এ হাওরে। কালেম, পানকৌড়ি, ভূতিহাঁস, পিয়ংহাঁস, খয়রাবগা, লেঞ্জাহাঁস, নেউপিপি, সরালি, রাজসরালি, চখাচখি, পাতি মাছরাঙা, পাকড়া মাছরাঙা, মরিচা ভূতিহাঁস, সাধারণ ভূতিহাঁস, শোভেলার, লালশির, নীলশির, পাতিহাঁস, ডাহুক, বেগুনি কালেম, গাঙচিল, শঙ্কচিল, বালিহাঁস, ডুবুরি, বক, সারসসহ তখনকার হিসেবে মতে প্রায় ২১৯ প্রজাতির দেশি-বিদেশি পাখি থাকার কথা। কিন্তু ২০১১ সালের আইইউসিএনের অপর এক জরিপে টাঙ্গুয়ার হাওরে ৬৪ হাজার পাখির অন্তিত্ব দেখানো হয়েছে। এতে ৮৬ জাতের দেশি এবং ৮৩ জাতের বিদেশি পাখির কথা উল্লেখ করা হয়।
ঢাকা থেকে টাঙ্গুয়া হাওর দেখতে আসা রুহি ও মাহিন নামে দুইজন দর্শানার্থী জানান, গত কয়েক বছর আগে টাঙ্গুয়া হাওরে যে পরিমাণ পাখি দেখা গেছে বর্তমানে তা দেখা যাচ্ছে না।
টাঙ্গুয়া হাওর নিরাপত্তা দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাস বললেন, এ বছর অতিথি পাখি পূর্বের চেয়ে কম মনে হচ্ছে। তবে আগামী কিছু দিনের ভিতর পাখির সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, পাখি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ, কেউ পাখি শিকার করলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হয়।