স্টাফ রিপোর্টার
দিনভর টান টান উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস এবং বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে। জেলা বিএনপির আয়োজনে ‘৫ জানুয়ারি দিচ্ছে ডাক, স্বৈরাচারী নিপাক যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগানে গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। সাবেক হুইপ ও বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আসপিয়া এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল কামারখালি সেতুর কাছে আসলে পুলিশ বাধা দেয়। পরে ওখানেই বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা। জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক হুইপ ও বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আসপিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক আতম মিসবাহ, জেলা বিএনপির সহ সভাপতি আকবর আলী, ফারুক আহমদ, রেজাউল হক, সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, আনিসুল হক, আনছার উদ্দিন, অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. আব্দুল হক, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মুনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাইফ’ল্লাহ হাসান জুনেদ, ফারুক আহমদ লিলু, জামাল উদ্দিন বাকের, মামুনুর রশিদ শান্ত, ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, আব্দুর রহিম, যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, অশোক তালুকদার, মমিনুল হক কালার চান, সোহেল মিয়া, আবুল কাশেম দুলু, শাহজাহান, ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান, আনোয়ার জাবেদ, কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোন জালিম সরকার গণতন্ত্র হত্যা করে বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ২০১৮ সাল বিএনপির বিজয়ের সাল, গণতন্ত্র উদ্ধারের সাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মুখে অবশ্যই এই অবৈধ সরকারের পতন ঘটবে। আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে জাতীয়তাবাদী সরকার।’
বিকালে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুলের নেতৃত্বে পৌর চত্বর থেকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’র মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, দলীয় নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, ফয়জন নূর, আওয়ামী লীগ নেতা অজয় তালুকদার দোলন, প্রদীপ রায়, অনুপম তালুকদার, সাজিদুর রহমান সাজিদ, নবনী কান্ত দাশ, লিটন সরকার, মুজাহের আলী, সৈকতুল ইসলাম সৈকত ও মন্টু তালুকদার, জেলা ছাত্র লীগের আহ্বায়ক আরিফ উল আলম, আশিকুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক মাসকাওয়াত জামান ইন্তি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহ্বায়ক নূর মোহাম্মদ স্বজন প্রমূখ।
আয়ুব বখ্ত জগলুল বলেন,‘৫ জানুয়ারি গণতেন্ত্রর বিজয় দিবস, জনগণের ম্যান্ডেট নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐ দিন তৃতীয় বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দক্ষতার জন্যে এখন পৃথিবীব্যাপি সমাদৃত। বাংলাদেশ তাঁর নেতৃত্বে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।’


