টিআইবির প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মঙ্গলবার টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে নৈতিক শিক্ষার প্রসার’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে টিআইবির ইয়েস গ্রুপের ২০জন তরুণ-তরুণী অংশ নেন।
সুনামগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকালে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সুনামগঞ্জ      
সনাকের সভাপতি মো. গোলাম কিবরিয়া। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্তরঞ্জন রায়। বিকালে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সনাকের ইয়েস উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট খলিল রহমান। এ ছাড়াও বক্তব্য দেন প্রশিক্ষক চিত্তরঞ্জন রায়, টিআইবির সুনামগঞ্জ কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার জিয়াউর রহমান, অংশগ্রহণকারী ইয়েস গ্রুপের দলনেতা আসাদুজ্জামান প্রিয়ম, পলিন বেগম, রাজীব দেব, নাজনীন জাহান অর্পা, আলাল হোসেন, সৌমিত্র সাগর প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি বাংলাদেশের মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। বর্তমান বাংলাদেশের অগ্রগতির পথে বড় অন্তরায় হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। এতে মূল ভূমিকা রাখতে হবে তরুন প্রজন্মকে।