সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে টিকা দেওয়ার মাধ্যমে অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব হবে। তিনি বলেন, সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে ঋণ সহায়তা আরও সহজ করতে চেষ্টা করছে। বিশ্বব্যাংক বা বিশ্বব্যাংকের তথ্য অনুসারে করোনাকালে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে।
গতকাল শনিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী একথা বলেন। ইউএনডিপির সহযোগিতায় সিজিএস এই ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ করোনার প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে এক পলিসি ব্রিফ উপস্থাপন করেন। ওয়েবিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওয়েবিনার সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
ড. নাজনীন আহমেদ তার উপস্থাপনায় কভিড-১৯ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে সমস্যা থেকে উত্তরণে কতিপয় সুপারিশ ব্যক্ত করেন। তিনি সরকারের প্রণোদনা প্যাকেজের প্রশংসা করে কভিড-১৯ সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে স্বাস্থ্য খাতের জন্য পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। তিনি প্রচলিত আইনে অটো রাইস মিলের অতিরিক্ত খাদ্য মজুদ আটকাতে এ-সংক্রান্ত আইন নতুন করে সাজানোর পরামর্শ দেন।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশের অর্থনীতি দুর্নীতিগ্রস্ত এবং নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত। তিনি সরকারের কভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে বেসরকারি কোম্পানিকে যুক্ত করার উদ্যোগের সমালোচনাও করেন। তিনি পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনা নতুন করে সাজানোর জন্য সুপারিশ করেন।
সূত্র : সমকাল


