ট্রলি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রলির মধ্য মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
রবিবার সকাল ৭টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের অটোরিকশা চালক শুভ মিয়া (২৫) ও জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫০)।
রবিবার সকাল ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক সহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গাড়ি দু’টি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।