ট্রানজিটে দেশের সার্বভৌমত্ব বিপন্ন : রিজভী

সু.খবর ডেস্ক
ভারতকে ট্রানজিট দেওয়ার সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘১৯২ টাকায় ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণরূপে বিপন্ন হয়ে পড়েছে।’ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
ট্রানজিট দেওয়ার বিষয়ে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘আসলে উগ্রবাদী জঙ্গিদের উৎপাত, তাদের ধরার জন্য দেশের সাধারণ মানুষের ওপর ভয়াবহ নির্মম ক্র্যাকডাউন, পাইকারি হারে বিচারবহির্ভূত হত্যার বিভীষিকার ডামাডোল সৃষ্টি করে জনগণের দৃষ্টিকে এই দিকে নিবদ্ধ রেখে অত্যন্ত দ্রুততার সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক ও পরিবেশগত অস্তিত্ব এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বিপন্ন করে তারা নীরবে দেশবিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।’
রিজভী দাবি করেন, বর্তমান সরকার শুধু তোষামোদ করতে গিয়ে দেশের সর্বস্ব উজাড় করে দিয়ে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করছে। ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন ৩৭টি নদীর পানি প্রবাহের গতিপথ ভারতের উজানের দিকে ঘুরিয়ে দেশটির শুষ্ক অঞ্চলের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, তা প্রায় সম্পন্ন করেছে। ভারতের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন শেষ হলে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অস্তিত্ব ভয়ংকর হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে নতজানু সরকার ‘টু’ শব্দটিও করছে না।
রিজভী দাবি করেন, ঢাকার গুলশানে ইতালির নাগরিক হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুমকে মূল পরিকল্পনাকারী এবং তাঁর ভাই এম এ মতিনকে প্রধান সমন্বয়কারী বানিয়ে এই হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার পাঁয়তারা চলছে।
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে রিজভী বলেন, গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। গ্যাসের দাম প্রস্তাব অনুযায়ী বাড়ানো হলে তা জনগণের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।