বিশেষ প্রতিনিধি
ট্রলি বা ট্রাক্টর শক্তিশালী যান। এসব যান দিয়ে সাধারণত হালচাষ করা হয়। এধরনের যানবাহন নিয়ম মোতাবেক চাষের জমি বা মাটির রাস্তায় চলাচল করে। বাংলাদেশ মোটরযান আইনে পাকা রাস্তায় চলাচলকারী যানবাহনের তালিকায় এর কোন অস্তিত্ব নেই।
কিন্তু রহস্যজনক হলেও সত্য সুনামগঞ্জ শহরের হাছননগর, বিলপাড়, ষোলঘর, ধোপাখালী, নবীনগর, মল্লিকপুরসহ নানা পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছে এসব ট্রলি ও টাক্টর। সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিক পুলিশ এসব যানবহন থেকে সুযোগ সুবিধা পেয়ে রাস্তায় অবাধে চলাচল করার সুযোগ দিচ্ছে। অবৈধ ওই যানবাহনের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিচ্ছেন না তারা। এতে করে শহরের পাড়া মহল্লার মানুষ এসব যানবাহনের কারণে অতীষ্ট। যদিও সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. শামছুল আলম জানিয়েছেন পুলিশ এসব
যানবাহন রোধ তৎপর রয়েছে।
জানা যায়, বাংলাদেশ মোটরযান আইনে ট্রলি বা টাক্টরের কোন অস্তিত্ব নেই। এসব যানবাহন শহরে চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবু সুনামগঞ্জ শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এসব অবৈধ যানবাহন।
ষোলঘর ও হাছন নগরের একাধিক বাসিন্দা ক্ষোভের সাথে জানিয়েছেন, অতীতে সুনামগঞ্জ শহরে এসব যানবাহন চলাচল করেনি। কিন্তু বর্তমানে ট্রলি ও টাক্টর বালু-পাথর ও মাটি নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করছে। বিকট শব্দে দ্রুত গতিতে চলাচল করছে এসব যানবাহন। মাটি ও বালি-পাথর পরিবহনের সময় আশপাশের বাসা-বাড়ি ও দোকানপাট কেঁপে উঠে। চলাচলের রাস্তায় মাটি ও বালি-পাথর ফেলে যায়। এসব অবৈধ গাড়ির ধূলা-বালিতে বাসা বাড়ির আসবাবপত্র ও কাপড় চোপড় দ্রুত ময়লা হয়ে যায়। পাড়া-মহল্লার লোকজন ট্রলি ও টাক্টর চালকদের বাধা দিয়ে কোন কর্ণপাত করে না।
অবসরপ্রাপ্ত এক পুলিশ অফিসার জানান, মোটরযান আইনে ট্রলি বা টাক্টর কোন ধরনের যানবাহনের তালিকায় পড়ে না। কারণ এসব যানবাহনের রেজিস্ট্রশন নম্বর দেয়া হয় না। এসব গাড়ি শহরে চলাচলের কোন সুযোগ নেই। এধরনের যানবাহন পাকা রাস্তার জন্যও ক্ষতিকর। কারণ এর ভারী চাকা দ্রুত রাস্তা নষ্ট করে দিতে পারে। দ্রুত গতিতে চলাচল করায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এসব যানবহন শহরে চলাচল নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. শামছুল আলম বলেন,‘শহরে ট্রলি টাক্টর চলাচল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় জোরালো আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এসব যানবাহন শহরে চলাচল করতে পারবে না। আমরা যখনই খবর পাই তখনই আটক করি। মাঝে মধ্যে লুকিয়ে চলাচল করে থাকে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এসব যানবাহন রোধে। গত দুই দিন আগেও বেশ কয়েকটা আটক করেছি। তবে নানা কারণে পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। ’


