ডলুরা সীমান্ত দিয়ে স্থল শুল্ক বন্দর স্থাপনের বিষয়ে সিলেট কাস্টম বিভাগ আগামী ২৫ জানুয়ারি একটি কর্মপরিকল্পনা সভার আয়োজন করেছে। এই শুল্কবন্দর স্থাপনের দাবি সুনামগঞ্জ ও মেঘালয় রাজ্যের ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ নিজ নিজ সরকারের কাছে জানিয়ে আসছিলেন। বড়ছড়াসহ সুনামগঞ্জে আরও তিনটি শুল্কবন্দর রয়েছে যেগুলো ব্যবসায়িক বিবেচনায় উপযুক্ত বলে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাই ডলুরায় শুল্কবন্দর স্থাপনের দাবিটিও যথোপযুক্ত বলে উভয় দেশের সরকার একমত হতে পেরেছেন। আগামী ২৫ জানুয়ারি যে সভার আয়োজন করা হয়েছে সেখানে ডলুরা সীমান্তে কী ধরনের অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন হবে এবং শুল্কবন্দর স্থাপনের জন্য আর কী কী পদক্ষেপ নিতে হবে তা নিয়ে ফলপ্রসু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা আসন্ন এই সভার বিষয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিয়ে যে বিশাল এলাকা (মেঘালয়, আসাম, অরুনাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর, ত্রিপুরা ইত্যাদি) সেখানে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের রয়েছে বিশেষ সুযোগ। ভারতীয় ওই রাজ্যগুলি যোগাযোগ সুবিধার কারণে বাংলাদেশের সুনামগঞ্জ-সিলেট সংলগ্ন। ভারতীয় বাণিজ্যকেন্দ্র কলকাতা, বোম্বে, হায়দরাবাদ এমনসব জায়গার চাইতে সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লার সাথে এই রাজ্যগুলির যোগাযোগ সহজতর। ভারতীয় পণ্য বাংলাদেশে রপ্তানি কিংবা বাংলাদেশি পণ্যের ভারতীয় সাত রাজ্যে রপ্তানি করা সহজতর হবে। ইতোমধ্যে যেসব শুল্কস্টেশন রয়েছে সেগুলো এই বাণিজ্য সম্ভাবনার কথাটি প্রমাণ করেছে। সুতরাং ডলুরা স্থল শুল্ক স্টেশনের বিষয়টিও যে সমান উপযোগিতাসম্পন্ন সে নিয়ে সন্দেহ নেই। আমরা আশা করি উভয় দেশের বাণিজ্যিক স্বার্থে সরকার দ্রুত শুল্কস্টেশন স্থাপনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।
শুল্কস্টেশনের সাথে আরেকটি দাবি ইতোমধ্যে উচ্চকিত হয়েছে। সেটি হলো ডলুরাকে ইমিগ্রেশন ট্রানজিট পয়েন্ট ঘোষণা করা। ব্যবসায়িক প্রয়োজন ও ভ্রমণ করার জন্য সুনামগঞ্জের মানুষ সচরাচর শিলং, শিলিগুড়িসহ মেঘালয় রাজ্যের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। এখন ডাউকি ট্রানজিট পয়েন্ট দিয়ে শিলং যেতে যেখানে প্রায় দুই শ’ কিলোমিটার পারি দিতে হয় সেখানে ডলুরা ট্রানজিট পয়েন্ট হলে শিলংয়ের দূরত্ব নেমে আসবে এর চাইতে এক পঞ্চমাংশেরও কম দূরত্বে। এ বিষয়ে সুনামগঞ্জবাসী সরকারের দৃষ্টি আকর্ষণ করা শুরু করেছেন। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিকট আধা সরকারি পত্র প্রেরণের মাধ্যমে ডলুরা দিয়ে ট্রানজিট পয়েন্ট স্থাপনের যুক্তি উত্থাপন করে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আমরা আশা করব শুল্ক স্টেশনের পাশাপাশি এই ইমিগ্রেশন ট্রানজিট পয়েন্ট স্থাপনের বিষয়টিও ২৫ জানুয়ারির সভায় সমান গুরুত্ব সহকারে আলোচিত হবে।
মানুষের যোগাযোগ সুবিধা যত বাড়বে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যত সহজগম্য হবে তত বাড়বে অর্থনৈতিক কর্মকা-। নিজেকে মেলে ধরতে হবে। নিজেদের প্রতি অন্যদের আকৃষ্ট করতে হবে। জেলা সুনামগঞ্জের রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যম-িত বহু জায়গা যা সহজেই পর্যটকদের আকৃষ্ট করে। ভারতের সাত রাজ্যের পর্যটকরা যদি সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য অবগত হয়ে দলে দলে আসেন তাহলে আখেরে আমাদেরই অর্থনৈতিক লাভ। তবে সেজন্য যাবতীয় সুযোগ সুবিধা তৈরি করে দেয়ার কাজটি করতে হবে আমাদেরই। সুনামগঞ্জকে হাওরকন্যা নামে ব্রান্ডিং করা হচ্ছে। বিশ্বব্যাপী হাওরকন্যার সৌন্দর্যের কথা তুলে ধরে এর মধ্য দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক সুবিধা আদায় করে নেয়াই ব্রান্ডিংয়ের মূল উদ্দেশ্য। সুতরাং নিজেদের সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারের জায়গায় ডলুরা ইমিগ্রেশন পয়েন্ট হতে পারে একটি বিশাল অগ্রগতি। এমন লাভজনক বিষয়টিকে এড়িয়ে যাওয়ার অর্থ হবে অদূরদর্শিতা।

