স্টাফ রিপোর্টার
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন,‘মেডিকেলের ছাত্রদের সিলেবাসের অতিরিক্ত ৫০০ মার্কের পরীক্ষা দিতে হয়, এটি তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে, এগুলো তুলে দেবার চিন্তা করা হচ্ছে’।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন-সুনামগঞ্জ’র আয়োজনে ‘ঈদ সম্মিলনী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিএসসির চেয়ারম্যান ড. সাদিক বলেন,‘জুলাইয়ের মধ্যে দেশে সাড়ে ৯ হাজার নার্স, কয়েক হাজার বিসিএস ক্যাডারসহ ২০ হাজার লোক নিয়োগ হবে, পিএসসি সেই লক্ষ্যে কাজ করছে’।
ড. সাদিক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালবাসতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। তাঁর কন্যা তাহজ্জুদের নামাজ পড়ে দেশের জন্য কাজ শুরু করে মধ্য রাত পর্যন্ত মানুষের কাজ নিয়েই ব্যস্ত থাকেন, দেশ এবং দেশের মানুষকে ভালবাসেন বলেই এটি করেন তিনি’।
তিনি বলেন,‘বর্তমান পৃথিবীতে ভালবাসার বড় অভাব, অথচ আমাদের মণিষীরাও ভালবাসার কথা বলে গেছেন- হযরত শাহজালাল (র.), হযরত শাহ্পরান (র.), শ্রী চৈতন্য এবং অদ্বৈতাচার্যও ভালবাসার কথা প্রচার করেছেন। মানুষে মানুষে ভালবাসা, সম্প্রদায়ে-সম্প্রদায়ে ভালবাসে জাগ্রত করলেই অস্থিরতা কমে যাবে’।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম’র সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সাদিকুর তানভির ও ফারজানা এমি’র সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, রাজনীতিবিদ আতম সালেহ্, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, ডা. গৌতম রায়, সাংবাদিক পঙ্কজ দে, ডা. নুরুল ইসলাম, সংগঠনের সভাপতি সৈকত দাস প্রমুখ।
পরে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক’র হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


