আল আমিন
জেলার স্বাস্থ্য সেবা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় ইপিআই সম্মেলন কক্ষে জেলার ১১টি উপজেলার টিএইচও, ডাক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে করণীয় শীর্ষক কর্ম পরিকল্পনা ও স্বাস্থ্য সেবার নানামুখী সংকট ও সম্ভাবনা নিয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আশুতোষ দাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুননাহার বেগম শাহানা।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- সুনামগঞ্জ বিএমএর সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুন নুর, ডা. গৌতম রায়, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক জনকন্ঠ ও মাছ রাঙা টিভি’র জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ, অ্যাড. ভাষা রেহেনুমা প্রমুখ।
মতবিনিময় সভায় অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা বলেন,‘সরকার সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। সরকারের এই লক্ষ্য সফল করতে হলে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের আন্তরিক থাকতে হবে। বেতন তোলার জন্য চাকুরি নয়, সেবার মনোভাব থাকতে হবে। হাসপাতালে এসে ডাক্তার পাওয়া যায় না। কিন্তু প্রাইভেট চেম্বারে গেলে ডাক্তারের অভাব হয় না।’ তিনি হাসপাতালের বিভিন্ন সংকট নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।


