ডা.আজিজুর রহমান স্মৃতি বৃত্তি বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,‘সুরমার উত্তরপাড়ের ২৪টি গ্রামে একই সাথে বিদ্যুতের আলো জ্বলে উঠবে। শীঘ্রই এই গ্রামগুলোতে বিদ্যুতের উদ্বোধন করা হবে। রঙ্গারচর-হরিনাপাটী উচ্চ বিদ্যালয়কে স্কুল এন্ড কলেজে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আরো ১০ লক্ষ টাকা দিয়ে বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন করা হবে। শনিবার সকালে রঙ্গারচর-হরিনাপাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডা.আজিজুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ব্যাংকার এম এ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. আজিজুর রহমান, স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা. এ.কে.এম. হাফিজ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম ও সিলকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিলেটের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম।
সহকারি প্রধান শিক্ষক মো. ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল গফুর খান। এছাড়া বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটির সহ-সভাপতি মো.আব্দুর রউফ, কোষাধ্যক্ষ মো. ফারুক আহমদ, সদস্য মো. রইছ আলী, অভিভাবক অ্যাডভোকেট আজিজুর রউফ বিপ্লব, শিক্ষার্থী উম্মে হানী জান্নাত প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্মৃতি বৃত্তির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা.এ.কে.এম.হাফিজ। পরে ১৩৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।