‘ডা. বিবি চৌধুরী ছিলেন বৃটেনে বাঙালি কমিউনিটির একজন অকৃত্রিম বন্ধু’

লন্ডন প্রতিনিধি
‘ডা.  বেনু ভূষণ চৌধুরী (বিবি চৌধুরী) শুধু একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন বৃটেনের বাঙালি কমিউনিটির একজন অকৃত্রিম বন্ধু। চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন ভাবে কমিউনিটির কল্যাণে কাজ করে গেছেন। প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
প্রয়াত ডা. বেনু ভূষন চৌধুরীর (বিবি চৌধুরী) স্মরণ সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বেনু ভূষণ চৌধুরী মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) যুক্তরাজ্য শাখার  সাবেক সভাপতি,  একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে বাম প্রগতিশীল আন্দোলন সহ সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন একাত্তরের ঘাতক দালালদের বিচারের আন্দোলনে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন। তিনি লন্ডনে দীর্ঘ দিন একজন জিপি‘র দায়িত্ব পালন কালে সাধারণ মানুষের উপকারে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তাকে বর্ণবাদী হামলারও শিকার হতে হয়েছে। সমাজসেবার ব্রত নিয়ে মৃত্যুর আগে গাজীপুরে নিজস্ব উদ্যোগে একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ তদারকিতে ব্যস্ত ছিলেন। গেল ১লা মে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।  
৪ জুন বিকেলে ইষ্ট লন্ডনের ডারবি শায়ার ষ্ট্রীটের অক্সফোর্ড হাউজে সর্বদলীয় নাগরিক শোক সভা কমিটির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ সভাপতিত্বে ও শাহরিয়ার বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় ডা. বিবি চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার খালিস উদ্দিন, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুনুর রশিদ, সিপিবি যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক সৈয়দ এনামুল ইসলাম, চট্রগ্রাম সমিতির সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, উদীচি যুক্তরাজ্য শাখার সভাপতি হারুনুর রশিদ,  প্রাচ্যবাণীর ড. নূরুন নবী, ঢলি ইসলাম, কাউন্সিলার আব্দুল আজিজ তকি, একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সেক্রেটারী সাংবাদিক সৈয়দ আনাছ পাশা,  যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিশসের সাবেক সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহমুদ এ রউফ, বাংলাদেশ সেন্টারের আশরাফ উদ্দিন, ডা. সাত্তার, প্রয়াত ডা. বিবি চৌধুরীর পুত্র ডা. সঞ্জয় চৌধুরী, বেঙ্গলী ইন্টার ন্যাশনালের জামাল খান প্রমুখ।
জীবদ্দশায় ডা. বিবি চৌধুরী উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাজ্য সত্যেন সেন স্কুল অব পারফমির্ং আর্টস, বাংলাদেশ সেন্টার, চট্রগ্রাম পরিষদ, বেঙ্গলী ইন্টারন্যাশনাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, প্রাচ্যবাণী বৌদ্ধ পরিষদ, গ্রেটার চিটাগাং এসাসিয়েশন ইউকে প্রভৃতি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি ও কর্মকান্ড এগিয়ে নেয়ার নেতৃত্বে অন্যতম মুখ্য ভুমিকা পালন  করেন।  
প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী ও যুক্তরাজ্য সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস’র শিল্পীরা।