ধর্মপাশা প্রতিনিধি
ফটোকপি করে দিতে দেরি হওয়ায় ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার বন্ধের হুমকি দিয়েছেন রোকন মিয়া নামের এক ওয়ার্ড যুবলীগ নেতা। এ ব্যাপারে রোকনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. মনোয়ার হোসেন সোহাগ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল থেকে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে করোনা টিকা কার্যক্রম চলছিল। অন্যদিকে জিজিটাল সেন্টারে করোনা নিতে আসা ব্যক্তিদের এনআইডি কার্ড ফটোকপির কাজ করছিলেন উদ্যোক্তা মো. মনোয়ার হোসেন সোহাগ। দুপুর ২টার দিকে ওই ইউনিয়নের গাজিনগর গ্রামের মো. হিরণ আলীর ছেলে ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রোকন মিয়া এনআইডি কার্ড ফটোকপি করতে আসেন। ডিজিটাল সেন্টারে লোকজনের ভীড় থাকায় ফটোকপি করতে দেরি হওয়ায় রোকন মিয়া ক্ষেপে গিয়ে অন্যদের আইডি কার্ড, ডিজিটাল সেন্টারের স্ক্যানার, ফটো পেপার টানা হেচড়া করে ছুঁড়ে ফেলে দেন এবং উদ্যোক্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশ করাসহ ডিজিটাল সেন্টার বন্ধের হুমকি দেন।
ডিজিটাল সেন্টার বন্ধের হুমকি দিয়েছেন স্বীকার করে অভিযুক্ত যুবলীগ নেতা রোকন মিয়া বলেন, ‘আমার শাশুড়ি ও স্ত্রীর দুটি আইডি কার্ড ফটোকপির করতে উদ্যোক্তা ৫০ টাকা রাখে। কিন্তু দুই ঘন্টা পরেও ফটোকপি করে দিতে না পারায় শাশুড়ি ও স্ত্রী করোনার টিকা নিতে পারেনি। আমি উদ্যোক্তার বিরুদ্ধে মামলা করবো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- জামালগঞ্জে সড়ক ও নৌপথ নিরাপত্তা বৃদ্ধিতে সচেতনতামূলক সভা
- নৌকার তলা ফুটো করে অভিনব পন্থায় সুনামগঞ্জে চলে বোমা মেশিনবাজী


