ডিজিটাল সেবাবঞ্চিত দোয়ারাবাজার

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার সরকারি অফিসগুলোতে ওয়েবসাইটে আপডেট তথ্য না থাকায় ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে এই উপজেলার মানুষ। ফলে নাগরিকরা একদিকে যেমন সঠিক তথ্যের পরিবর্তে ভুল তথ্য পাচ্ছেন। অন্যদিকে পূর্ণতা পাচ্ছে না ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন।
দোয়ারাবাজার উপজেলা ডিজিটাল তথ্য বাতায়ন ওয়েবসাইট হ-য-ব-র-ল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে ওয়েবসাইটগুলোর তথ্য সংশোধন না করায় বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে উপজেলার জনসাধারণ এখন বিভ্রান্তিতে রয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের পথচলা শুরু হলেও এ উদ্যোগ কার্যকর নয় দোয়ারাবাজার উপজেলা তথ্য বাতায়নের ক্ষেত্রে। ওয়েবসাইটটি নিয়মিত আপডেট না হওয়ায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও সঠিক তথ্য পেতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলার ওয়েবসাইটে ‘প্রকল্পসমূহ’ ক্যাটাগরি ভিজিট করে দেখা যায়, পূর্বের কিছু অর্থ বছরের কাবিখা, কাবিটা, টিআর, জিআর, এলজিএসপি ও এলজিডি প্রকল্পের তথ্য সন্নিবেশন করা রয়েছে। এসব প্রকল্পের আওতায় বর্তমানে কোথায়, কি উন্নয়ন করা হচ্ছে এর কোন তথ্যই নেই। নেই উপজেলায় কি কি চলমান প্রকল্প রয়েছে, কিংবা এর ব্যয়ের হিসাব।
উপজেলার বিভিন্ন সরকারি অফিসের ওয়েবসাইট ওপেন করে দেখা যায়, দীর্ঘদিন ধরে আপডেট করা হয়নি ওয়েবসাইটের তথ্য। ফলে বাস্তবতার সঙ্গে মিলছে না ওয়েবসাইটে দেয়া তথ্য। কর্মকর্তাদের আপডেট তথ্য পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে বদলি হয়ে যাওয়া কর্মকর্তাদের নাম। উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা বর্তমানে উপজেলায় কর্মরত থাকলেও ওয়েবসাইটে দেখা যায় এ কে এম ফজলুল হকের নাম ও মোবাইল নাম্বার।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নাম-মোবাইল নাম্বার ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ এর স্থানে রয়েছে বদলি হয়ে যাওয়া ওসি তদন্ত বেলায়েত হোসেনের নাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম আম্বিয়া দায়িত্বে থাকলেও ওয়েবসাইটে দেখা যায় পূর্বের মো. মুহিতুল ইসলাম ও মো. শহিদুজ্জামানের নাম ও মোবাইল নাম্বার। বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর, নরসিংপুর ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ২০১৮ সালের ৮ আগস্ট, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ২০১৯ সালের ২৩ নভেম্বর, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ২০১৯ সালের ২৫ নভেম্বর, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ২০১৯ সালের ৩১ অক্টোবর, বুগলা ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ২০১৯ সালের ১ অক্টোবর, সুরমা ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ২০১৮ সালের ২০ জুন সর্বশেষ হালনাগাদ করা হয়েছে।
অপরদিকে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ‘প্রকল্পসমূহ’ ক্যাটাগরিতে প্রকল্প সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে- প্রকল্প সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করলে থলের বিড়ার বেরিয়ে আসতে পারে বলে প্রকাশ করা হচ্ছে না। এ ছাড়াও উপজেলার অন্যান্য সরকারী অফিসের ওয়েবসাইট নিয়মিত আপডেট করা হচ্ছে না।
এ ব্যাপারে দোয়ারাবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশে এটা মোটেও কাম্য নয়। ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়ন কেন্দ্রের দায়িত্ব নিজেদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের। উপজেলার সকল অফিস ইউনিয়ন পরিষদের তথ্য আপডেটের ব্যাপারে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।