সুব্রত দাশ খোকন, শাল্লা
ঘড়ির কাটায় রবিবার দুপুর ২টা ৩৫ মিনিট। শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা ব্যস্ত ছাত্র-ছাত্রীদের পাঠদানে। কোমলমতি শিক্ষার্থীরাও মনোনিবেশে ব্যস্ত। এমন সময় আচমকা এ বিদ্যালয়ে আগমন ঘটলো সুনামগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: বায়েজিদ খান ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: সাজ্জাদের। বিদ্যালয়ে প্রবেশ করে উনারা সোজা চলে গেলেন পঞ্চম শ্রেণীর ক্লাস রুমে। শিক্ষার্থীদের সঙ্গে কুশল
বিনিময় করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চক, ডাস্টার নিয়ে শুরু করলেন ছাত্র-ছাত্রীদের গণিত বিষয়ে শিক্ষাদান। কোমলমতি শিক্ষার্থীরাও তার সাথে মেতে উঠলো পড়াশুনার নতুন এক আবহে। শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দিপনাময় একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হলো মুহূর্তেই। এসময় তিনি ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয়, জ্যামিতিক অংশের চতুর্ভূজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদান করালেন।
ক্লাস শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের অফিস রুমে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে বিদ্যালয়ের মান উন্নয়ন শীর্ষক আলোচনা করেন। এসময় তিনি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মত করে আন্তরিকতার সহিত পাঠদানের নির্দেশনা দেন শিক্ষকদের। আগামীতে বিদ্যালয় পরিদর্শনে এলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও অগ্রগতি আশা করেন এবং সর্বশেষ শিক্ষক নির্দেশিকা অনুসারে শ্রেণী পাঠদান বিষয়ে শিক্ষকদের অবহিত করেন।


