স্টাফ রিপোর্টার
সীমান্ত নদী যাদুকাটার পাড়ের বালু ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করায় ঐতিহাসিক স্থাপনা তাহিরপুরের শ্রী শ্রী অদ্বৈতবাড়ীসহ বেশ কয়েকটি গ্রাম হুমকি’র মুখে রয়েছে বলে দাবি করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। মঙ্গলবার এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি এ ধরনের মন্তব্য করেন। তিনি জানান, এর আগে গত ৮ ডিসেম্বর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও তিনি এই দাবি জানিয়েছেন। করুণা সিন্ধু চৌধুরী বাবুল জানান, উপজেলার লামাশ্রম, জাঙ্গালহাটি, রাজারগাঁও’এর বাসিন্দারা জানিয়েছেন, যাদুকাটার ভেসে ওঠা পাড় থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় শ্রী শ্রী অদ্বৈতবাড়ীসহ আশপাশের গ্রামগুলো পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়বে। যাদুকাটার ভাঙনে এসব এলাকা বিলীন হবারও আশঙ্খা দেখা দিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানালেন, পাড় কেটে বালু উত্তোলনের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলে দেওয়া হয়েছে। নদীরপাড় সরকারি ভূমি। এখান থেকে কেউ বালু উত্তোলন করতে পারবে না।


