ঢাকা-নারায়ণগঞ্জ থেকে জামালগঞ্জে আসা ৭ জন হোম কোয়ারেন্টিনে

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার বিকালে ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা ৪ জন গার্মেন্টস কর্মী, ছয়হাড়া গ্রামে ঢাকা থেকে আসা ১ জন গার্মেন্টস কর্মী, কামারগাঁও গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা ২ জন গার্মেন্টস কর্মীসহ ৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠায় ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ। ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে যাওয়া ৭ জনের জন্য আলাদা ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে।
জামালগঞ্জ থানার এ এস আই রাজ্জাক ও ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায় ঌনং ইউপি সদস্য রফিকুল ইসলাম রানাসহ গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি বুঝিয়ে বলেন ।
লক্ষীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক মোফাজ্জল হায়দার বলেন, এরকম পরিস্থিতির মধ্যে শনিবার বিকেলে গ্রামে আসেন ৭ব্যক্তি তারা গ্রামে প্রবেশ করতে গেলে বাধা প্রদান করা হয় । পরে ইউনিয়ন পরিষদ তাদেরকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অন্যান্য সকল প্রকার সুবিধা প্রদান করে ১৪দিনের জন্য হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছেন ।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা ৭ব্যক্তিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদ তাদের সব সুবিধা নিশ্চিত করেছেন ।