আট/দশ ইঞ্চি দৈর্ঘের একটি অতি সাধারণ তক্ষকের মূল্য কেন কোটি টাকা বা তার চাইতে বেশি হবে সে নিয়ে বিস্তর প্রশ্ন থাকলেও দায়িত্বশীল মহল থেকে কখনও এর কোন ব্যাখ্যা মিলেনি। এক শ্রেণির ধান্দাবাজ ব্যক্তি বা গোষ্ঠী তক্ষকের এমন উচ্চ মূল্য প্রচার করে প্রতারণার এক সুবিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে যদিও সেই নেটওয়ার্কের কোন কিছুই আমাদের কাছে স্পষ্ট নয়। তবে এটুকু বুঝতে পারি, একটি তক্ষক আটক হলে যখন আটককারী এর মূল্য এক কোটি টাকা কিংবা তার চাইতে বেশি বলেন এবং আটককারীরা ওই মূল্যকে সমর্থন করে প্রচার করেন তখন এক শ্রেণির মানুষের মধ্যে তক্ষক কৌতুহল তৈরি হয়। কৌতুহলের বশে হয়তো তারা তক্ষক কেনার জন্য প্রতারক চক্রকে টাকা পয়সাও দিয়ে রাখেন। এবং অবশ্যম্ভাবীভাবেই প্রতারিত হন। ঠিক এরকম প্রতারণার খবর আমরা জানি সীমান্ত পিলার নিয়ে। প্রচার করা হয় সীমান্ত পিলারে নাকি এক ধরনের মূল্যবান ধাতব সামগ্রীর অস্তিত্ব বিদ্যমান যার মূল্য অত্যধিক। সীমান্ত পিলার নামক সোনার হরিণের পিছনে দৌঁড়ে অর্থকড়ি খোয়ানো কিছু মানুষ আমাদের চেনা জগতে খোঁজে পেতে বিশেষ বেগ পেতে হবে না। তক্ষকটি এখন সীমান্ত পিলারের জায়গা দখল করেছে। সুতরাং গতকাল দৈনিক সুনামগঞ্জের খবর তক্ষকের তথাকথিত উচ্চমূল্য বিষয়ে ব্যাপক অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের মাধ্যমে এই বার্তাটিই সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছে যে, অপপ্রচারে যাতে কেউ বিভ্রান্ত না হন। ক্ষতি শুধু প্রতারণার শিকার ব্যক্তির আর্থিক ক্ষতি সাধনই নয়। বরং অতি মূল্যবান মনে করে সকলেই নিরিহ তক্ষককে ধরতে মরিয়া হয়ে উঠবেন। ফলে বন্য এই প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে। একসময় হয়তো বিলুপ্তই হয়ে যাবে। তাই সময় থাকতে এই অপপ্রচার বন্ধ করে জনগণকে সচেতন করতে না পারলে বাংলাদেশের একটি বিপন্ন প্রাণীকে রক্ষা করা সম্ভব হবে না।
প্রচারে প্রসার সাধন হলেও অপপ্রচারে সমূহ সর্বনাশ ঘটে। বলা ভাল অপপ্রচার চলে অত্যন্ত সুকৌশলে ও বুদ্ধিমত্তার সাথে। তক্ষক সংক্রান্ত অপপ্রচারে আমরা লক্ষ করলাম একেবারে অনিচ্ছাকৃতভাবে বিজিবি নামক একটি প্রতিষ্ঠানকে জড়িত করে ফেলতে সক্ষম হয়েছে প্রতারকচক্র। বিজিবি বা সরকারি কোন প্রতিষ্ঠান যখন কোন কথা বলেন তখন মানুষ একে সত্য ধরে নিবে, এটিই স্বতসিদ্ধ। তক্ষকের মূল্য ঘোষণার বিষয়ে তাঁদের আরও দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল। তদ্রুপ যখন এরকম অপপ্রচার চলছে তখন বনবিভাগ বা প্রাণী সম্পদ বিভাগ কিংবা অন্য কোন সরকারি প্রতিষ্ঠান বিষয়টি খতিয়ে দেখে কোন গণবিজ্ঞপ্তি জারি করলেন না, এটিও নির্লিপ্ততার প্রকৃষ্ট উদাহরণ। আর কে না জানে নির্লিপ্ততার ফাঁক গলে ঢুকে পড়ে বড় বড় মিথ্যা। আজ সময় এসেছে এইসব অপপ্রচারকে শক্ত হাতে মোকাবিলা করার। বিশেষ করে সীমান্ত অঞ্চলে তক্ষকের মূল্য সংক্রান্ত বিভ্রান্তি নিরসণে ব্যাপক প্রচারণা ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হওয়া দরকার বলে আমরা মনে করি।
লোভ মানুষের সহজাত বৈশিষ্ট্যের অংশ। আর যারা অসচেতন ও শিক্ষার আলো বঞ্চিত তারা লোভ সম্বরণে যৌক্তিকতার দ্বার পর্যন্ত পৌঁছাতে পারেন না। অন্যদিকে সুকৌশলী প্রচারণায় প্রলুব্ধ হন টাকাওয়ালা লোভী ব্যক্তিরাও। এদের লোভের বলি হচ্ছে একটি নিরিহ প্রাণী। তাই যারা তক্ষক ধরা, পাচার কিংবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তাদের সকলের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ কামনা করি আমরা।


