তথ্যমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসেছে মেলায়। মেলায় আগত দর্শনার্থীরা সেই স্টল থেকে পাচ্ছেন বিভিন্ন ধরনের তথ্য ও সংশ্লিষ্ট সেবা। সেই সেবা পেতে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না, হয়রানিতে পড়তে হচ্ছে না। তাৎক্ষণিক ভাবে কাক্সিক্ষত তথ্য ও সেবা পেয়ে যাচ্ছেন দপ্তরের স্টল থেকে। কে কার থেকে বেশি সেবা ও তথ্য দিতে পারেন চলছে সেই প্রতিযোগিতা। মেলা শেষে সবচেয়ে বেশি সেবা ও তথ্য দানকারী প্রতিষ্ঠান পাবে শ্রেষ্ঠ স্টলের পুরষ্কার।
বৃহস্পতিবার বিকেল ৪টায় এমনই এক এক মেলার উদ্বোধন করা হয়েছে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে। ‘তথ্যই শক্তি- জানবো জানাবো, রুখবো দুর্নীতি’ স্লোগানে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে দুদিন ব্যাপি তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। মেলায় পুলিশ, ফায়ার সার্ভিস, পাসপোর্ট , বি আরটিএ, রেজিস্ট্রারি অফিসসহ জেলার সরকারি ২২টি ও বেসরকারি ৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি হবে।
সনাক সভাপতি আইনুল ইসুলাম বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং জনগণের আইনগত অধিকার। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে হলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের মধ্যে বিদ্যমান অসচেতনতা দূর করতে আজকের এই মেলা। তিনি বলেন, সরকারি বেসরকারি দপ্তরের সিটিজেন চার্টার তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অন্যতম উদাহরণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ মহিউদ্দিন, তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুস সাত্তার, সনাক সদস্য শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সহ সভাপতি রুনা লেইস, টি আইবির সিলেট ক্লাস্টার কো অর্ডিনেটর আরিফুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়া কো-অর্ডিনেটর আরিফুর রহমান সহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিন, উপপরিচালক জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার। বক্তব্য রাখেন সনাক সদস্য শিক্ষাবিদ পরিমল কান্তি দে, টিআইবির সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য রাজু আহমেদ।