তাঁর প্রেরণায় অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি-মানিক

স্টাফ রিপোর্টার
ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেন, সময়ের সাহসী সন্তান ছিলেন খসরু ভাই। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্যে দিয়ে তিনি সেই সাহসের পরিচয় দিয়েছেন। দেশ স্বাধীন করার পর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন তিনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন।
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, লেখক-গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু স্মরণে রবিবার সন্ধ্যায় নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি ভাতা প্রবর্তনের পূর্বে তিনি ভাতা কার্যক্রম শুরু করেছিলেন। সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন দেশের সূর্য সন্তানদের জন্য আমাদের কিছু করা প্রয়োজন। শুধু তাই নয় দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষা আলো পৌঁছে দেয়ার জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। এটি এখন পূর্ণাঙ্গ হাইস্কুল হিসেবে এমপিওভুক্ত হয়েছে। অসাধারণ মানুষ ছিলেন বলেই মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করেছেন।
এমপি মানিক বলেন, খসরু ভাই বীরাঙ্গণা কাঁকন বিবি কে আবিস্কার করেছিলেন। তাঁর জন্য কাঁকন বিবি আজ সারাদেশে সমাদৃত। ইতিহাস বিকৃতির রুখে দাঁড়িয়ে লিখেছিলেন ‘রক্তাত্ত ৭১ সুনামগঞ্জ’ নামে অমূল্য বই। তাঁর সাহস ও প্রেরণায় আমি অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। উন্নত চিন্তা চেতনার মানুষ ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ তাঁর সাথে আমার সর্বশেষ দেখা হয়েছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে। তিনি বলেন, বঞ্চিত মানুষের পক্ষে সাহস করে কথা বলার মানুষের বড়ই অভাব। তাঁর অভাব কখনোই পূরণ হবে না।