সু.খবর ডেস্ক
তাজিকিস্তান যথেষ্ট শক্তিশালী দল। বাংলাদেশের তুলনায় শক্তিমত্তায় তারা এগিয়ে যোজন ব্যবধানে। এই তাজিকদের সঙ্গে তাদের মাটিতেই বাংলাদেশ হার এড়াতে পারবে, এমন ভাবনা খুব কম মানুষের মধ্যেই ছিল। কিন্তু আজ এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ নিজেদের প্রমাণ করল। হিশর সেন্ট্রাল স্টেডিয়ামে এই ড্র যে বাংলাদেশের জন্য জয়ের সমান।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচ মাহবুব হোসেন রক্সির মুখেই শুনুন তা, ‘এই আবহাওয়ায় তাজিকিস্তানের সঙ্গে ড্র করা জয়ের সমান। আমি এই এক পয়েন্ট পেয়েই আজ খুশি। ছেলেরা জীবন দিয়ে লড়েছে। এই লড়াকু মনোভাবটা থাকলে পরের তিন ম্যাচেও ভালো কিছু হবে।’
প্রতিপক্ষ তাজিকিস্তান বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে খুব বেশি এগিয়ে নয়। কিন্তু ঘরের মাঠে তারা তো বাংলাদেশের জন্য বাঘ। ২০১৬ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে তাদের বিপক্ষে প্লে-অফেই ৫ গোল হজম করেছিল বাংলাদেশ। গত বছরের মতো গতকালও মাঠে বাতাসের সঙ্গে ছিল কনকনে ঠান্ডা। কিন্তু জাতীয় দলের বড় ভাইদের সঙ্গে জাফর ইকবালদের যে পার্থক্য আছে, তা-ই প্রমাণ করে দেখাল তারা।
শুরু থেকেই বাংলাদেশের ঘাড়ে চেপে বসার চেষ্টা করে তাজিকরা। দুই উইং দিয়ে পালাক্রমে বাংলাদেশের দুই ফুলব্যাক রহমত ও বিশ্বনাথের পরীক্ষা নিয়েছে। এ ছাড়া তাজিকদের আক্রমণভাগের প্রাণভোমরা স্ট্রাইকার আব্দুল্লোভ গতিতে বারবার বাংলাদেশের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করেও সফল হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশও ম্যাচের নাটাই হাতে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিপক্ষের করা চেজিংয়ে বল পায়েই রাখা যাইনি। আদায় করা গিয়েছিল কয়েকটি কর্নার, কিন্তু শারীরিকভাবে পিছিয়ে থাকায় বৃথা গেছে তা। এ ছাড়া জাফর ইকবাল, সুফিলরা কিছুটা ভীতি ছড়াতে পারলেও তা কোনো সাংবাদিকের নোটবুকে ওঠে না।
দ্বিতীয়ার্ধের পুরোটাই তাজিকদের দাদাগিরি। বিশেষ করে ৬২ মিনিট থেকে শুরু করে শেষ বাঁশি পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে আক্রমণের ঝড় বয়ে যায়, যা ভালোভাবেই সামাল দিয়েছে পুরো বাংলাদেশ। বিশেষভাবে গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতমের প্রশংসা করতেই হয়। ৬৫ মিনিটে শারফোজেনের শট দুর্দান্ত সেভ করে প্রিতম। ৭৫ মিনিটে আরও একটি দারুণ ফ্রি-কিক সামলেছেন তিনি। তবে এর আগে বাংলাদেশের কপাল ভালো বলতেই হয়। ৭২ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছে আব্দুল্লাহেব আথামজন। গোলমুখ থেকেও বল জালে রাখতে পারেনি তাজিকিস্তানের এই ফরোয়ার্ড। এ ছাড়া ৮৬ মিনিটে বোবেভ মেরেদিনের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ শিবির। মাঠে স্বাগতিকদের আধিপত্য ছিল অনেক বেশি। কিন্তু তা যেভাবে সামলেছে বাংলাদেশ, তার প্রশংসা করতেই হয়। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
নিশ্চিতভাবে আজকের ম্যাচের ফল পরের ম্যাচগুলোতে দলকে আরও ভালো খেলতে প্রেরণা জোগাবে। তাজিকিস্তানের সঙ্গে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের অন্য সঙ্গীরা হচ্ছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আজ দিনের প্রথম খেলায় মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল: প্রিতম, রহমত, বাদশা, রিয়াদুল, সোহানুর, মাহবুবুর সুফিল, জাফর, রহিমউদ্দিন,বিপলু, সৈকত,বিশ্বনাথ।
- গত বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল -ইউনেস্কো


