স্টাফ রিপোর্টার
তাহিরপুরে এক সময়ের বিআইডিসি (বড়) সড়কে একটি সেতু নির্মিত না হওয়ায় টানা ৩৫ বছর ধরে শতাধিক গ্রামের লোকজন এ সড়কে যাতায়াত করতে গিয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলার বড়দল উওর ও বড়দল দক্ষিণ ইউনিয়নের সীমানার মাঝখান দিয়ে প্রবাহিত কেন্দুয়া নদীর বোরোখাড়া-কাউকান্দি খেয়াঘাটে জনগুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণের জন্য গত ৩৫ বছর ধরে শতাধিক গ্রামের লোকজন দাবি জানিয়ে আসলেও সেতু নির্মাণ হয়নি।
জানা যায়, পাকিস্তান আমলে মহকুমা শহর বর্তমানে জেলা শহর সুনামগঞ্জের আঞ্চলিক সড়কের ওপর দিয়ে তাহিরপুর থানার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার সাথে সংযোগ রক্ষার জন্য িিবআইডিসি নামে পরিচিতি এ (বড়) সড়কটি নির্মাণ করা হয়েছিল। সময়ের ব্যবধানে প্রায় ৩৫ বছর পূর্বের সড়কের একটি অংশ পাহাড়ি ঢলে ভেঙ্গে গিয়ে কেন্দুয়া নদীর সাথে মিশে যায়। আর এখান থেকেই এ সড়ক ব্যবহারকারী উপজেলার বাদাঘাট, বড়দল উওর বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর ইউনিয়ন সহ ৪টি ইউনিয়নের লোকজনের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট হয়ে কাউকান্দি বাজার, বালিয়াঘাট নতুন বাজার, পুরাতন ডাম্পের বাজার, শ্রীপুর বাজারে যাতায়াতকারীরা একটি সেতুর জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে। কাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউকান্দি মাদ্রাসা, কাউকান্দি উচ্চ বিদ্যালয়, কাউকান্দি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা লোকজন, বোরোখাড়া মাদ্রাসা, বোরোখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়ের যাতায়াতকারী হাজারো শিক্ষার্থীকে এবং চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের কেন্দুয়া নদীর ওপর খেয়াঘাট পাড়ি দিতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় এবং গণভোগান্তির শিকার হতে হচ্ছে।’
তিনি আরো বলেন, জনগণের ৩৫ বছরের ভোগান্তি দূরিকরণে আমি জনপ্রতিনিধি হিসাবে একাধিকবার উপজেলা মাসিক সমন্বয় সভায় এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নিকট সেতুটি নির্মাণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেছি, কিন্তু এলজিইডির দায়িত্বশীলরা এ সেতু নির্মাণের ব্যাপারে আজো মুখ তুলে তাকানোর সময় পান নি।’
বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী কাউকান্দি গ্রামের পারভেজ আহমেদ, মোনায়েম হক মুরাদ, কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাহার বলেন, এখানে সেতু না থাকায় বর্ষার সময় ঝুঁকি নিয়ে আমাদেরকে খেয়া বা ফেরী নৌকায় করে পারাপার হতে হয়। আমরা হেমন্তের সময় কাউকান্দি বাজারের পুর্ব -উওর দিকে আধা কিলোমিটার হাঁটার (ছোট) সড়ক পাড় হয়ে বড় সড়কে উঠতে গিয়ে ৪টি বাঁশের চাটাই’র অস্থায়ী সাঁকোর জন্য জনপ্রতি ৫ টাকা ও প্রতিটি মোটর সাইকেলের জন্য ১০ টাকা করে টোল দিতে হয়।’
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ ছাড়াও বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট হয়ে সুনামগঞ্জ শহরে যাতায়াতকারী সাধারণ লোকজন ভোগান্তি পোহাচ্ছেন।’
শ্রীপুর উওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, আশে পাশের শতাধিক গ্রামের লোকজন প্রতিনিয়ত এ সেতুর অভাবে যাতায়াত করতে গিয়ে হয়রানীর শিকার হচ্ছেন।’ তিনি আরো বলেন, অনেক সময় শ্রীপুর থেকে সীমান্ত সড়ক ট্যাকেরঘাট দিয়ে প্রায় ২০ থেকে ২৫ কি:মি: সড়ক ঘুরে বাদাঘাট যেতে হয়, আর এ কারণে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট থেকে ভাটি অঞ্চলের লোকজন দিনে দিনে মুখ ফিরিয়ে নিচ্ছেন।’
এ ব্যাপারে এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ বলেন, এক সময় এটি বিআইডিসি সড়ক হিসাবে পরিচিতি ছিল। বর্তমাানে এ সড়কটি আনোয়ারপুর-বাদাঘাট-কাউকান্দি-ট্যাকেরঘাট সড়ক হিসাবে এলজিইডি চিহ্নিত করেছে।’ তিনি আরো বলেন, বড়দল উত্তর- বড়দল দক্ষিণ ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত কেন্দুয়া নদীর বোরোখাড়া-কাউকান্দির খোয়াঘাটটি আমি শ্রীঘ্রই সরজমিনে পরিদর্শন করে এর গুরুত্ব বিবেচনা করে জরুরী ভিত্তিতে এখানে একটি সেতু নির্মার্ণের জন্য উধ্বর্তন কতৃপক্ষের নিকট প্রস্তাব পাঠাব।’


