তাহিরপুরের গৃহবধু হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের মাহতাবপুর গ্রামের গৃহবধু শিল্পী বেগম (২৩) হত্যা মামলার ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল গনি (গনি মিয়া) (৪৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ (সিআইডি)। গনি মিয়া তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের ফজলুল হক (মালু মিয়া)এর পুত্র।
সিআইডির সুনামগঞ্জ জেলা শাখার এসআই শহীদুল্লাহ মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহর থেকে গনি মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল গনি         শিল্পী বেগম হত্যার সাথে জড়িত বলে জানিয়েছেন সিআইডির ওই কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ সকাল ৭ টায় তাহিরপুর উপজেলার মাহতাবপুর গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী শিল্পী বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিল্পী বেগমের বাবা লায়েছ মিয়ার অভিযোগ, তার মেেেয়কে স্বামী ও শ্বাশুরি গলা টিপে হত্যা করেছে। ঘটনার দির থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শিল্পী বেগমের বাবা। মামলায় শিল্পীর স্বামী সাজিদ মিয়া ও শ্বাশুরি সরপুননেচ্ছাসহ আরো ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। পুলিশ লাশ উদ্ধারের পর পরই নিহতের স্বামী ও শ্বাশুরীকে গ্রেফতার করে। এর কিছু দিন পরই মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়। সিআইডি পুলিশ গোপন তদন্ত করে ঘটনার সাথে জড়িত সন্দেহে গনি মিয়াকে গ্রেফতার করে।
মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার ওসি তদন্ত মো. হানিফ বলেন,‘ শিল্পী বেগমকে গলা টিপে হত্যার অভিযোগে তার স্বামী ও শ্বাশুরীকে আসামী করে দায়ের করা মামলাটি প্রথমে তাহিরপুর থানায় দাখিল করা হয়েছিল। আমরা মামলার দুই আসামী নিহতের স্বামী ও শ্বাশুরিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এর কিছু দিন পরই মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটির সিআইডির অধীনে।’ তিনি আরো জানান, লাশের ময়না তদন্তের শ্বাসরুদ্ধ করে হত্যার আলামত পাওয়া গেছে। শুনেছি গতকাল মঙ্গলবার রাতে এই মামলায় জড়িত সন্দেহে সিআইডি পুলিশ সুনামগঞ্জ শহর থেকে গনি মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে। ’
সিআইডির সুনামগঞ্জ জেলা শাখার এসআই মো. শহীদুল্লাহ বলেন,‘শিল্পী বেগম হত্যা মামলায় অভিযুক্ত ইতোপূর্বে গ্রেফতারকৃত দুই আসামী তার স্বামী ও শ্বাশুরি জেল হাজতে আটক রয়েছে। আব্দুল গনি এই হত্যার ঘটনার সাথে জড়িত আছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাই তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। ’