তাহিরপুরের পাটলাই নদীতে ৫ কিলোমিটার নৌ যানজট

গোলাম সরোয়ার লিটন
তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে ৫ কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়েছে। নদীটির দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর থেকে মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকা পর্যন্ত এ নৌজট দেখা দিয়েছে।
নৌযান চালক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে যায়, নদীটির দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর পাইকরতলা থেকে কানামুইয়া বিলের বাঁশচাতল পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নাব্যতা সংকটের কারণে এ নৌজটের সৃষ্টি হয়।
এর ফলে উপজেলার বড়ছড়া শুল্কস্টেশন দিয়ে ভারত থেকে আমদানী করা কয়লা নিয়ে এ পথে আটকে আছে প্রায় এক হাজার নৌযান।
ব্যবসায়ী ও নৌযান চালকরা জানান, প্রতিটি নৌযানে ১০০ থেকে ৩০০ টন পর্যন্ত কয়লা রয়েছে। জানুয়ারি মাসের শেষের দিক থেকে এ নৌ যানজটের সৃষ্টি হচ্ছে।
বড়ছড়া শুল্কস্টেশন সুত্রে জানা যায়, এ স্টেশন দিয়ে স্বাভাবিক সময়ে ভারত থেকে প্রায় আট লাখ টন কয়লা আমদানি হয়ে থাকে। প্রায় সমপরিমাণ চুনাপাথরও আমদানি হয়। এতে সরকার শত কোটি টাকার ওপরে রাজস্ব পায়। এ ব্যবসায় নানা    ভাবে ত্রিশ হাজার শ্রমিক সম্পৃক্ত রয়েছে।
সরেজমিন গতকাল বৃহস্পতিবার বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদীটির যতদুর চোখ যায় আটকে পড়া নৌযানের দীর্ঘ সারি। এ নৌজটের কারণে যাত্রীবাহী নৌযান ও উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনও সমস্যায় পড়েছে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার বলেন,‘পাটলাই নদীটির বাঁশচাতল থেকে বোয়ালমারা পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়েছে। ব্যবসা বাণিজ্যের গতি বাড়াতে আর অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষায় নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা আমাদের প্রাণের দাবি।
নদী সংলগ্ন সুলেমানপুর গ্রামের বাসিন্দা পর্যটকবাহী নৌকা চালক আবুল খায়ের বলেন,‘প্রতিবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাটলাই নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এ রকম নৌজটের সৃষ্টি হয়। প্রতি বছরের ন্যায় এবারো হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা ইউনিয়নের পৈন্ডুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম বলেন,‘গত ২০ বছর ধরে পলি পড়ে নদীটি নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। খননের মাধ্যমে এ সমস্যার সমাধান হতে পারে।’ ‘মায়ের দোয়া’ নৌযানের মাঝি আব্দুস ছবুর বলেন, আধা ঘন্টার পথ ৭ দিন ধইরা আটখাইয়া আছি।
আমরা হাওরবাসী সংগঠনের প্রধান সমন্বয়কারি রুহুল আমিন বলেন, হাওরাঞ্চলের একমাত্র বোরো ধান অকাল বন্যার হাত থেকে রক্ষা ও ব্যবসা বাণিজ্যের গতি ধরে রাখতে নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এজন্য নদীটির বিভিন্ন অংশে খননের বিকল্প নেই।’
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন বলেন,‘পাটলাই নদীটি খনন হলে হাওরবাসীর সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটবে। এজন্য নদীটির দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর পাইকরতলা থেকে কানামুইয়া বিলের বাশঁচতাল পর্যন্ত ৫ কিলোমিটার আর উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা থেকে ডাম্পের বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা খনন জরুরী। আশা করছি শীঘ্রই এ খনন কাজ শুরু হবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,‘এ বিষয়ে আমাদের সবার চেষ্টায় নদীটির খনন কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে।’
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপ সহকারি প্রকৌশলী শাহ আলম বলেন, পাটলাই নদীটির তাহিরপুর উপজেলার বড়ছড়া থেকে ধর্মপাশা উপজেলার ফাসোয়া বিল পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকা খননের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে জরিপ করে গেছেন। আশা করছি আগামি বছর এ কাজের দরপত্র আহবান করা হতে পারে।’
উল্লেখ্য, ২০১০ সালের ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন শনির হাওরপাড়ে এক কৃষক সমাবেশে এ সকল নদীগুলো খননের কথা বলেছিলেন।