তাহিরপুরের মাদ্রাসা ছাত্র ৩ বছর ধরে নিখোঁজ

হিমাদ্রী শেখর ভদ্র
তাহিরপুরের এক মাদ্রাসা ছাত্র ৩ বছর ধরে নিখোঁজ রয়েছে। সে চট্টগ্রামের ফটিকছড়ির আমতলী মাদ্রাসায় লেখাপড়া করতো। মোফাজ্জল হোসেন (১৭) নামের ঐ মাদ্রাসা ছাত্রের খোঁজে সুনামগঞ্জের পুলিশ ফটিকছড়ি যাচ্ছে। সুনামগঞ্জের পুলিশ সুপার বলেছেন,‘আমরা ধারণা করছি সে কোন ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, আজ সোমবার ফটিকছড়িতে তার ছবি সংগ্রহের জন্য পুলিশ যাবে’।
পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের লাকমা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ মিয়া ও মোছাম্মৎ হাজেরা খাতুনের দ্বিতীয় ছেলে মোফাজ্জল। সে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আমতলী মাদ্রাসায় লেখাপড়া করতো। ২০১৪ সালের জানুয়ারি মাসের শেষ দিকে সে কোরবানি’র ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। ১৫ দিন ঈদের ছুটি কাটিয়ে আমতলী যাবার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে সে। এরপর আর বাড়ি’র সঙ্গে কোন যোগাযোগ নেই তার। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোন খবর না পেয়ে হতাশায় পড়ে এক পর্যায়ে আশা ছেড়ে দেন তার। সম্প্রতি. গুলশান ও শোলাকিয়ায় হামলার পর সরকারি ঘোষণা জেনে ১৪ জুলাই তাহিরপুর থানায় গিয়ে জিডি (নং-৪৯৯) করেন মোফাজ্জলের বাবা মো. সিরাজ মিয়া।
মোফাজ্জলের বাবা মো. সিরাজ মিয়া ও মা হাজেরা খাতুন জানান, প্রথমে গ্রামের লাকমা মাদ্রাসায় এবং পরে একই উপজেলার বাঁশতলা মাদ্রাসা ও বাদাঘাট মাদ্রাসায় পড়াশুনা করেছে সে। এরপর ফটিকছড়ি আমতলী মাদ্রাসায় ভর্তি হয়। তিন বছর আগে কোরবানির ঈদের কয়েক দিন পর আমতলী মাদ্রাসায় যাওয়ার জন্য টেকেরঘাট এলাকা থেকে সুনামগঞ্জগামী ভাড়াটে মোটরসাইকেলে ওঠে। এরপর আর কোন খোঁজ ছিল না তার। কয়েকমাস পর চট্টগ্রামের ফটিকছড়ির ঐ মাদ্রাসায় গিয়ে খোঁজ নিয়ে তারা জানতে পারেন মোফাজ্জল সেখানে যায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ছেলের কোন হদিস দিতে পারেননি। পরে খোঁজাখোঁজি বাদ দিয়ে দেন তারা।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, পরিবারের লোকজন মোফাজ্জলের ছবি দিতে পারেননি। ছবি’র জন্য ফটিকছড়ির আমতলী মাদ্রাসায় আজ সোমবার পুলিশ যাচ্ছে, ছবি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।