তাহিরপুরের হাওরে চলছে অবাধে পোনা মাছ নিধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের হাওরগুলোতে চলছে অবাধে পোনা মাছ নিধন। উপজেলার শনি, মাটিয়ান, বলদা, লোবা, মহালিয়া, ফানা, টাঙ্গুয়া, গনিয়াকুড়ি, সমসা, বনুয়া,পালই, আঙ্গারুলি হাওরসহ ২৩ টি ছোট-বড় হাওর জলাশয়, নদী-নালার পানিতে বিভিন্ন প্রজাতির মাছ পোনা ছেড়েছে।
হাওরপাড়ের এক শ্রেণীর অসাধু মৎস্য আহরণকারী প্রতিদিনই ঠেলাজাল নিয়ে সকালে রোদ ওঠার সাথে সাথেই হাওরে হাওরে পোনা মাছ মারার জন্য ঘুরতে থাকে। পোনা মাছের জটলা তাদের দৃষ্টিতে পরা মাত্রই পানিতে নেমে জাল ফেলে পোনা মাছগুলো আটক করার চেষ্টা করে। এমন অবস্থায় মা মাছটি পোনা মাছগুলো ফেলে পালিয়ে যায়। আর মৎস্য শিকারি পোনা মাছগুলো আটক করে বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। স্থানীয় মৎস্যজীবিদের ধারণা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এ সমস্ত পোনা মাছ নিধন করা না হলে উপজেলার হাওরগুলোতে বর্ষাকালে মাছের আর কোন অভাব থাকত না।
অবৈধভাবে শিকার করা মাছের পোনা প্রকাশ্যে বিক্রি হচ্ছে উপজেলা সদর তাহিরপুর বাজার, আনোয়ারপুর ,বালিজুরি, সোলেমানপুর, লামাগাঁও, কাউকান্দি, নতুনবাজারসহ সব হাট বাজারে।
ভাটি তাহিরপুর গ্রামের ৭০ বছরের প্রবীণ ব্যক্তি লিবাস আলী বলেন,‘আমাদের রিজিক আমরাই নষ্ট করছি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এভাবে যদি পোনা মাছ নিধন করা না হতো, তাহলে হাওরপাড়ে বর্ষাকালে আর মাছের অভাব হতো না।’
উজান তাহিরপুর গ্রামের হাফিজ উদ্দিন, সূর্য্যরেগাঁও গ্রামের বিদ্যুৎ চক্রবর্তী , ভাটি তাহিরপুর গ্রামের কবিন্দ্র চন্দ অভিযোগ করে বলেন, ‘তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার সামনে প্রতিদিন পোনা মাছ নিধন করে অসাধু মৎস্য শিকারিরা উপজেলা সদর বাজারে প্রকাশ্যে বিক্রি করছে। এভাবে পোনা মাছ নিধন অব্যাহত থাকলে দেশী প্রজাতির মাছ হাওর থেকে বিলুপ্ত হয়ে যেতে আর বেশি দিন লাগবে না ।’
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ বলেন,‘আগামী কয়েকদিনের মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে মাছের পোনা আহরণ দমন করা হবে।’