স্টাফ রিপোর্টার
তাহিরপুরের ৩ শুল্ক বন্দর জমতে শুরু হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহৎ কয়লা শুল্কস্টেশন তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে গত ২৩ নভেম্বর থেকে কয়লা আমদানী শুরু হলেও ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের কারণে বন্দরগুলোর আমদানী-রপ্তানী কার্যক্রম ডিমে-তালে চলছিল। ৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আবার জমতে শুরু হয়েছে বন্দরগুলো। গড়ে প্রতিদিন এখন ২ থেকে ৩’শ কয়লা বোঝাই ট্রাক ওপার থেকে এপারে আসছে।
ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ ইংরেজির ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় সরকারের অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মূখ্যসচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেন। এই নির্দেশে গ্রীণ ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এ কারণে ২০১৪ ইংরেজির ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপর থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কবন্দর সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়।
রপ্তানীকারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লার রাজস্ব জমা দিয়ে
৩ মাস (এপ্রিল, মে ও জুন’২০১৫) রপ্তানীর সুযোগ পান। পরে এই সময় ৩ দফায় বাড়িয়ে গত ১৫ মে পর্যন্ত (বিভিন্ন সময় মিলে ৯ মাস) রপ্তানী কার্যক্রম চালু রাখা হয়। এই সময়ের মধ্যে কেবল উত্তোলিত কয়লা রপ্তানী করেছেন মেঘালয়ের রপ্তানী কারকরা। কিন্তু মাইনিং করতে পারেননি। গত বছরের ১৬ মে কয়লা রপ্তানী বন্ধ হয়ে যায়। এপারের তিন শুল্কবন্দরের ৪০০ আমদানীকারক বেকায়দায় পড়েন। বেকার হয়ে পড়েন কমপক্ষে ৫০ হাজার শ্রমিক।
গত ২৩ নভেম্বর থেকে কয়লা আমদানী শুরু হলেও ভারতের মেঘালয়ের বড় রপ্তানী কারকরা এবং এপারের আমদানী কারকরাও সক্রিয় না হওয়ায় বন্দরের কার্যক্রমে ছিল অচলাবস্থা।
তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের বলেন, ‘তাহিরপুরের ৩ বন্দর এবং ভারতের এই দিকের রপ্তানীকারকরা গত ৫ জানুয়ারি থেকে সক্রিয় হয়েছেন। তবে বাংলাদেশে ইন্দোনেশিয়া ও সাউথ আফ্রিকার কয়লা বেশি আমদানী হওয়ায় কয়লার মূল্য কমেছে। অন্যদিকে ভারতীয় রপ্তানী কারকরা মূল্য বাড়িয়েছেন। এজন্য কয়লা কম নামছে। আমদানী কারকরা এলসি কম করছেন। এ নিয়ে রপ্তানীকারকদের সঙ্গে তাহিরপুর কয়লা আমদানীকারকদের পক্ষে আমরা কথা বলছি।’
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার বলেন,‘তাহিরপুরের ৩ বন্দরই জমতে শুরু হয়েছে। বড় বড় আমদানী ও রপ্তানী কারকরা সক্রিয় হচ্ছেন। আমরা আশা করছি ভারতীয় রপ্তানী কারকরা মূল্য কমাবেন এবং বন্দরগুলো আগের অবস্থায় ফিরে আসবে’।


