তাহিরপুরের ৮ হাওর অরক্ষিত

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ৮টি বোর ফসলী হাওরের ফসল রক্ষা বাঁধের বরাদ্দ না দেয়ায় গনিয়াকুড়ি, এরালিয়াকোনা, নান্দিয়া, লামারগুল, টানেরগুল, রাঙ্গামাটিয়া, ফলিয়ার বিল, সন্যাসি হাওরের কৃষকরা বরাবরের মতো এবারও দুশ্চিন্তায় ভুগছেন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলায় ছোট বড় ২৩টি হাওর রয়েছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১৫টি হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ করলেও টাঙ্গুয়া হাওরপাড়ের ৮ টি হাওরে কোন বছরই ফসল রক্ষা বাঁধের কাজ করা হয় না।
গত বুধবার তাহিরপুর উপজেলা পরিষদে সুনামগঞ্জ পাউবোর উদ্যোগে ডাকা এক সভায় এ বিষয়ে বিষদ   আলোচনা হয়েছে। সভায় শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাজী খসরুল আলম জানান, বিগত বছর তিনি এবং তার এলাকার বিত্তশালীদের কাছ থেকে অনুদান নিয়ে টাঙ্গুয়া হাওরের গুরুত্ত্বপূর্ণ বাঁধগুলোতে রাতদিন কাজ করে ফসল রক্ষা করেছেন। এ বছর এই  ৮টি হাওরের ফসল রক্ষা করতে হলে পাউবো কর্তৃক কমপক্ষে ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিতে হবে। অন্যথায় ফসল রক্ষা করা যাবে না।
টাঙ্গুয়া হাওর টেকসই ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ভান্ডাচাপর গ্রামের কৃষক গুলেনূর মিয়া বলেন, টাঙ্গুয়া হাওর পাড়ের গনিয়াকুড়ি, এরালিয়াকোনা, নান্দিয়া, লামারগুল, টানেরগুল, রাঙ্গামাটিয়া,  ফলিয়ার বিল, সন্যাসি হাওরের ধান কৃষকরা সঠিকভাবে তুলতে পারলে টাঙ্গুয়া হাওরপাড়ের কৃষকরা মাছধরা থেকে বিরত থাকবে। যে বছর তাদের হাওরের ধান পানিতে তলিয়ে যায় তখন তারা বাধ্য হয়ে বিকল্প কর্ম হিসাবে মাছ ধরাকে পেশা হিসাবে তারা বেছে নেয়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, তাদের কাছে কোন বরাদ্দ না থাকায় এই ৮টি হাওরের বাঁধে কোন কাজ করানো সম্ভব হয় না।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, আগামী রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পানি উন্নয়ন বোর্ডের সভায় তিনি বিষয়টি উত্থাপন করবেন।