তাহিরপুরে অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রতারক ও অ-মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মুক্তিযোদ্ধাবৃন্দ তাহিরপুরের ব্যানারে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দগণ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তাহিরপুরের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরী ও সহ সভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া জানান, গত ১৭ জানুয়ারি তাহিরপুর উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মুক্তিযোদ্ধা মন্ত্রী ঢাকা বরাবরে দাখিল করা হয়।
অভিযোগটি ৩০ জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক ৩০ জানুয়ারি ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটি উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে গণশুনানী করে। অভিযুক্ত ৭ জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাইয়ের সময় প্রকাশ্যে তাদের পক্ষে কোন সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্ত ৭জন মুক্তিযোদ্ধারা হলেন আব্দুল মজিদ (নয়ানগর), তাজুল ইসলাম (পৈলনপুর), আব্দুল কাদিও (মানিগাঁও), আব্দুল মন্নান (ব্রাম্মনগাঁও), জলিল খাঁন (বড়ছড়া), মতিউর রহমান (নাগরপুর), আব্দুল মন্নান (পৈন্ডুপ)।
মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রৌজ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরী, সহ সভাপতি হাবিবুর রহমান খেলু মিয়া, এমদাদনূর প্রমুখ।