স্টাফ রিপোর্টার
আসন্ন ৭ম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিত সরকার, বড়দল উত্তর ইউনিয়নে মো. জামাল উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নে মো. সুজাত মিয়া, তাহিরপুর সদর ইউনিয়নে মোতাহার হোসেন আখঞ্জী শামীম, বালিজুরী ইউনিয়নে মো. আতাউর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।
ইউপি ভোটের তফসিল থেকে জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।
ইতোমধ্যে ৫ ধাপে সুনামগঞ্জ জেলার ৭৮ ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সপ্তম ধাপের ইউপি ভোটের মধ্য দিয়েই ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে।


