তাহিরপুরে আদিবাসী নারীকে জুতাপেটা করার অভিযোগ

স্টাফ রিপোর্টার
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের পুত্র আবুল বাশার খাঁ নয়ন প্রকাশ্যে সাবেক ইউপি সদস্যা আদিবাসী এক নারীকে জুতাপেটা করে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের পুরাতন ডাম্পের বাজারে মোটর সাইকেল স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান।
লাঞ্ছনার শিকার আদিবাসী নারী জানান, পূর্ব বিরোধ ও পাওনা টাকার আদায়ের অজুহাত এনে তাকে  আবুল বাশার খাঁ নয়ন ও এলাকার লালঘাট গ্রামের মৃত আজগর আলীর ছেলে জানু মিয়া প্রকাশ্যে লাঞ্ছিত করেছে। জানু মিয়া এর আগে তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছিল। এঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।
লাঞ্ছনার শিকার আদিবাসী নারী আরো জানান, উপজেলার বালিয়াঘাট নতুন বাজার থেকে নীজবাড়ি লালঘাট গ্রামে ফিরছিলেন তিনি। (সাবেক ইউপি সদস্য আদিবাসী নারীকে (৪৫)) সন্ধ্যায় পুরাতন ডাম্পের বাজারে একাধিক গাড়ী চালক ও উপস্থিত লোকজনের সামনেই কয়েকদফা জুতাপেটা করা হয়।
পরে তিনি বালিয়াঘাট নতুনবাজারে গিয়ে অভিযুক্ত নয়নের বাবা উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন খান ও বাজারের লোকজনকে অবহিত করে বাড়ি ফিরে যান। এ ব্যাপারে আবুল বাশার খাঁ নয়ন ও জানু মিয়ার সাথে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে সকল অভিযোগ মিথ্যা দাবি করে নয়নের বাবা আবুল হোসেন খান বলেন, ‘আমার ছেলে ও জানু মিয়া কেউ তাকে (আদিবাসী) মারধর করেনি। এটা মিথ্যা অভিযোগ, তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি সাথে সাথেই শেষ করে দিয়েছি। এর বেশি কিছু হয়নি।’