স্টাফ রিপোর্টার
তাহিরপুরে গণধর্ষণের শিকার সেই এতিম শিশুকে ঘাগড়া গ্রামের চাচার বাড়ি থেকে শুক্রবার রাতে উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। সেই সাথে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণের মূল হোতা লম্পট ভগ্নিপতি আলমাস মিয়া (৩৮) কে। গ্রেফতারকৃত আলমাস উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কুনাট গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাণিজ্যিক কেন্দ্রের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হাওরের গণধর্ষণের
ঘটনাটি ঘটে সোমবার রাতে।
জানা যায়, উপজেলার বড়দল উওর ইউনিয়নের একটি গ্রামের পিতৃহীন ১২ বছরের শিশুকে সোমবার তার চাচাত বোনের মাধ্যমে বেড়ানোর কথা বলে বাদাঘাটের কুনাট গ্রামে ভগ্নিপতি আলমাস তার বাড়িতে নিয়ে আসে। রাতে আলমাস ওই শিশুকে নতুন জামাকাপড় কিনে দেয়ার কথা বলে গালর্স স্কুলের সামনের হাওরের একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। এবং ভগ্নিপতি আলমাসসহ ৬ জন তাকে গণধর্ষণ করে। হত্যার হুমকি দিয়ে বুধবার রাতেও আটকে রেখে দ্বিতীয় দফায় গণধর্ষণ করা হয় শিশুটিকে। বৃহস্পতিবার ভোরে ওই শিশুটি কৌশলে পালিয়ে পার্শ্ববর্তী ঘাগড়া গ্রামে তার এক চাচার বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং বিষয়টি জানায়। এঘটনায় শুক্রবার রাতে অপহরণ ও ধর্ষণ করার অভিযোগে ওই শিশুর ভগ্নিপতি আলমাসসহ অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দাযের করা হয়।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, ঘটনার মুল হোতা আলমাসকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


