তাহিরপুরে কিশোর খুন, বাবা আহত

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ভোজালির (ভারতীয় এক ধরনের চাকু) আঘাতে এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোরের নাম শহিদ নুর (১৬)। সে ইউনিয়নের টেকেরগাঁও (ঘাগটিয়া) গ্রামের নাসির উদ্দিনের ছেলে। নিহতের পিতা নাসির উদ্দিনও(৫৫) শাবল ও রডের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের টেকেরগাঁও (ঘাগটিয়া) গ্রামের সামনে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় লোকজন জানায়, একই গ্রামের নিকটবর্তী বাড়ির বাসিন্দা নিহতের আপন চাচাতো ভাই গোলাম কাদির (২৬) ও তার লোকজন বাড়িতে ডেকে নিয়ে এ হামলা করেছে। তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, নিহতের পিতা নাসির উদ্দিনের সাথে বসত বাড়ির জায়গা নিয়ে তার (নাসির উদ্দিনের) আপন ভাতিজা গোলাম কাদিরের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা একই গ্রামের নিকটবর্তী বাড়ির বাসিন্দা। স্থানীয় লোকজন নাসির উদ্দিন ও তার ছেলে শহিদ নুরকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহিদ নুরকে মৃত ঘোষণা করেন। নাসির উদ্দিন কে উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পরামর্শ দেন।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।