তাহিরপুরে কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে হাওরে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খসরুল আলম। সোমবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ সম্মূখে মাটিয়ান হাওরে নোয়বন্দ গ্রামের সম্মূখে কৃষক কালা মিয়ার এক কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমির পাকা ধান কেটে দিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যবৃন্দ। ধান কাটার এমন দৃশ্য দেখে জমির মালিক কৃষক কালা মিয়া আনন্দে কেঁদে ফেলেন। কালা মিয়া বলেন, কৃষকের জমির ধান কেটে দিতে অতীতে তিনি আর কখনও কোন জনপ্রতিনিধিকে এগিয়ে আসতে দেখেননি।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খসরুল আলম বলেন,পরিষদের সকল ইউপি সদস্যরা তাঁকে বলেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার হাওরে স্বেচ্ছাশ্রমে ধান কাটতে পারলে আমরা কেন পারবো না। এমন উৎসাহমূলক কথার কারণে তিনি ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে নিয়ে কৃষকের জমিতে ধান কাটতে গেলেন।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খসরুল আলম এর সাথে ধান কাটায় অংশ নেন, ইউপি সদস্য আব্দুল আলিম,হাসান মিয়া,জম্মত আলী,সুধাংশু দাস,শফিকুল ইসলাম,নুরুল আমিন,আবুল মিয়া,আলী হোসেন,সাজিনুর মিয়া প্রমূখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খসরুল আলম তার পরিষদের সকল সদস্যদের নিয়ে স্বেচ্ছাশ্রমে মাটিয়ান হাওরে কৃষকের জমির পাকা ধান কেটে দেয়ায় হাওরপাড়ের কৃষকগণ সম্মানিত ও উৎসাহিত হবেন। তাদের এহেন কর্মকান্ডে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।