স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও গ্রাম থেকে গরু চোরের আরো ৪ সহযোগীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
গত শুক্রবার ভোর রাতে তাদের বসতবাড়ি থেকে প্রেফতার করা হয়েছে বলে তাহিরপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে শামনূর (৪০), আহাদ আলীর ছেলে উজ্জ্বল (৩৭), তুফাজ্জল (৪৫) ও তৈয়ব আলীর ছেলে পারভেজ (৩১)।
এ বিষয়ে তাহিরপুর থানার উপ পরিদর্শক মো. গোলাম হক্কানী বলেন, গ্রেফতারকৃত ৪ জনকেই শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত চোর এমরান হোসেনের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী আরো ৪ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের হবিকুলের গরু গত ৫ দিন পূর্বে চুরি যায়। বুধবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামে বিক্রি করার সময় গরুসহ উজান তাহিরপুর গ্রামের এমরান হোসেন (২৪) কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
এ ঘটনায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের হবিকুল বাদী হয়ে ধৃত চোর এমরান হোসেনকে আসামী করে তাহিরপুর থানায় মামলা রুজ্জু করলে এমরান হোসেনকে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত চোর এমরান হোসেনের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী ৪ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


