স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বেধরক মারপিটের ঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে। সোমবার তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথ স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ।
তদন্তকারী অপর কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার এ বিষয়ে বলেন, কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বেধরক মারপিটের ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গিয়াছে।
প্রসঙ্গত, গত বুধবার ওই ছাত্রীর বাবা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত ৫জুন সোমবার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই ছাত্রীকে প্রধান শিক্ষকের কক্ষে যাওয়ার কথা বলে এবং এক পর্যায়ে কুপ্রস্তাব দেয়। ছাত্রী শিক্ষকের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তাকে মারপিট করে আহত করেন।
এরই প্রেক্ষিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ প্রদান করেন।


