স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির উপদেষ্টা ড. সামিয়া এ সেলিম’র সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানাজার হাসিবুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর ইউএনও সুপ্রভাত চাকমা, ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানাজার হাসিবুল মান্নান। তিনি জানান, সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫ টি জেলার মোট ৯টি উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার জনসমষ্টিকে জলবায়ু সহিষ্ণু হিসেবে গড়ে তোলা। একটি টেকসই সমাধানের লক্ষ্যে এই অভিযোজনমূলক প্রক্রিয়াটির গুরুত্বপূর্ণ কৌশল হলো স্থানীয় জনগণের নেতৃত্বকে শক্তিশালীকরণ। এই কর্মসূচির আওতায় যে পাঁচটি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে তা হলো- জলবায়ু ঝুঁকিগ্রস্ত মানুষের সুপেয় পানি সংকটের সমাধান, জলবায়ু সহিষ্ণু জীবিকার সুযোগ সৃষ্টি, প্রকৃতি-ভিত্তিক সমাধান ও দুর্যোগ সারাদানের কৌশল উন্নয়ন। সাজেদা ফাউন্ডেশন তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর কাজ করবে।


