তাহিরপুরে একজনকে দণ্ড, ১৩ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে একদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা আরব আলীর ছেলে আরিফ আহমদ (২০)।
শনিবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ দন্ডাদেশ দেয়া হয়। এছাড়াও তাহিরপুর বাজার, আনোয়ারপুর বাজার ও বালিজুড়ি বাজারে প্রয়োজন ছাড়া রাস্তায় চলাচলকারী ১৩ জনকে ৭ হাজার ৪শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবীর বলেন, লকডাউন চলাকালে আরিফ আহমদকে দু’দিন জরিমানা করে সতর্ক করে দেয়া হয়েছে। শনিবার আরিফ আহমদ প্রয়োজন ছাড়া রাস্তায় ঘুরাফেরা করা, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? এমন সব প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে না পারায় তাকে একদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বর্তমানে সে তাহিরপুর থানা হাজতে রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ও বিজিবি সদস্যবৃন্দ।