তাহিরপুর প্রতিনিধি
জেলার তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ২৫ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত তরং গ্রামের উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে, পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের আলমগীর হোসেন কনকনের ভাতিজা হিরা মিয়া ও নুরু মিয়া বসত বাড়ীর সীমানা নির্ধারণ করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আলমগীর হোসেন কনকনের পক্ষে গুরুতর আহত হন হীরা মিয়া, জাহাঙ্গীর আলম, লুকমান মিয়া, এংরাজুল মিয়া, মোসাহিদ আলম, আনোয়ার হোসেন,সাইদুর মিয়া ,জাকির হোসেন, ঝুমা বেগম, হানিফ মিয়া,আতাউর রহমান এবং নুরু মিয়া গ্রুপের মধ্যে গুরুতর আহত হন এরশাদ মিয়া, আলমাছ মিয়া,লালশাদ,তাজুল নূর,লায়েছ মিয়া, জুলহাস মিয়া, জিলানী, আজিজুল হক,ডালিম মিয়া,শামিম হোসেন,নাইম,আসু মিয়া, আসাদনূর, নুর মিয়া।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, তরং গ্রামে সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে টেকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই তপন দাস কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, এব্যাপারে কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।


