তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে দোকানে হামলা চালিয়ে এক ব্যবসায়ীর মালামালসহ টাকা পয়সা লুটে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য আব্দুর রউফের সঙ্গে একটি সালিশের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে হোসেন আলীর। কথা কাটাকাটির একপর্যায়ে হোসেন আলীর ভাই, আমির আলী (৬০), হাসান আলী (৫০), ছেলে সাইকুল ইসলাম (২২), ভাতিজা সুলতান (২৫) ও তার আত্মীয় রশিদ মিয়ার ছেলে মল্লিক মিয়া (২৫) লাটি সোটা নিয়ে ইউপি সদস্য আব্দুর রউফের উপর হামলা চালাতে আসলে বাজার কমিটির লোকজন ও ব্যবসায়ীরা বাধা দিয়ে তাদেরকে বাড়ী ফিরিয়ে দেয়। এর ঘন্টা খানেক পর হোসেন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০/১৫ জনের একটি সশস্ত্র দল ইউপি সদস্য আব্দুর রউফের ভাতিজা একতা বাজারের বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ও মুদিমালের ব্যবসায়ী আলী আজগরের দোকানে গিয়ে এলোপাতারি হামলা চালিয়ে আলী আজগর ও তার ছোট ভাই আমজাদকে মারধর করে।
স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রউফ জানান, তার ভাতিজাকে দোকান থেকে বের করে দিয়ে নগদ টাকা, সিগারেটসহ বিভিন্ন ধরনের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে এবং দোকানের চারিদিকে বিভিন্ন ধরনের মালামাল এলোমোলো ভাবে ফেলে রেখে গেছে।
বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত হোসেন আলী বলেন, দোকানে হামলা বা লুটের কোন ঘটনা ঘটেনি। আব্দুর রউফ মেম্বারের সঙ্গে সালিশের একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এ বিষয়ে দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ বাদী হয়ে হোসেন আলীসহ ১৪ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- কৃষক মহিম উদ্দীনের ৪ কেদার জমি কেটে দিলেন উপজেলা কৃষকলীগ, যুবলীগ নেতাকর্মীরা
- ছাতকে গর্ভবতী-প্রসূতি ও দুঃস্থ নারীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ


