তাহিরপুরে ধানকাটা শ্রমিকদের পাশে প্রশাসন, দ্রুত ফসল কাটার নির্দেশনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের ফসল দ্রুত কাটা, শ্রমিক সংকটে করনীয় সম্পর্কে কৃষকদের সাথে সরাসরি আলোচনা করে সমাধান নিয়ে নির্দেশনা দিয়েছেন জেলা ও উপজেলা কর্মকর্তারা ।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিষয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদ,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা প্রমুখ।
সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদ বলেন, আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে আগামী ২৪ এপ্রিলের মধ্যে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে ফসল কাটার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে গিয়ে কৃষকদের এ বার্তাটুকু পৌঁছানোর নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমুখ।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ধান কাটা শ্রমিকদের উৎসাহ বৃদ্ধির লক্ষে মাঠে গিয়ে তাদের সাথে বলতে হবে ‘যারা কাটবে ধান,তারা পাবে ত্রাণ’। এ বার্তাটুকু ধান কাটার শ্রমিকরা শুনতে পারলে তারা ধান কাটতে উৎসাহী হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,হাওরপাড়ে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানতে হবে তাদের শ্রমিক সংকট রয়েছে কি না। শ্রমিকের সংকট থাকলে তালিকা করে তাঁর কার্যালয়ে জমাদানের জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মতবিনিময় শেষে দুপুর ১টায় সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদ, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলাসহ অন্যন্য কর্মকর্তারা মাটিয়ান হাওরপাড়ের কৃষকদের ধানের মাড়াই খলাতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন।