তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ এক সভাপতির বিরুদ্ধে। উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানখালি নদী থেকে একই গ্রামের আলী হোসেনের ছেলে ওয়ার্ড যুবলীগ সভাপতি মুক্তার মিয়া অবৈধভাবে ড্রেজার দিয়ে গত এক মাস ধরে বালু উত্তোলন করে বিক্রয় করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার ফলে হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ হুমকির মুখে পড়েছে দুই তীরের ১৫ থেকে ২০টি বসত বাড়ি। বালু খেকো মুক্তার মিয়া গত একমাস ধরে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলেও মামলা হামলার ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না গ্রামবাসী।
হলহলিয়া গ্রামের কুদ্দুস মিয়া বলেন, আমার বসত ঘরের সামনে থেকে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে যুবলীগ সভাপতি মুক্তার মিয়া। এর প্রতিবাদ করলে চলে আমার উপর অত্যাচার আর নির্যাতন। সে প্রকাশ্যে হুমকি দেয় মামলা দিয়ে গ্রাম ছাড়া করবে আমাকে।
ড্রেজার মালিক দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মুক্তার মিয়া ড্রেজার দিয়ে জানখালি নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে সংবাদ না করার জন্য বলেন এবং প্রতিবেদকের সঙ্গে সাক্ষৎ করা সুযোগ চান।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, বিষয়টি আমি অবগত না। যদি কেউ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- দক্ষিণ সুনামগঞ্জে ইউএনও’র ব্যাক্তিগত উদ্যোগে খাবার বিতরণ
- জগন্নাথপুরে সরকারী চাল কালোবাজারে বিক্রির অভিযোগ


