স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং নারী নির্যাতন প্রতিরোধে সকল জনগোষ্ঠীকে এক ও ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় তিনি বলেন, আমরা অরেঞ্জ তাহিরপুর করতে চাই। এর জন্য আমাদের বাল্যবিবাহ, ধর্ষণ, যৌন হয়রানিসহ সকল ধরনের নারী নির্যাতন বন্ধ করতে হবে। কারণ একটি জাতিকে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করতে হবে। আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশের সারিতে যাওয়ার লক্ষ্যে যে লড়াই করছে, তার অনেকটাই নারীদের কর্মদক্ষতার কারণে। তাই তাদেরকে গৃহে বন্দী করে বা ঘরে রেখে আমাদের উন্নত দেশের সারিতে যাওয়া সম্ভব নয়। এ জন্য আমাদের নারী পুরুষ সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা পরিবারে বিশ্বাসী বলেই আমাদের প্রত্যেকেরই সংসার রয়েছে। সেখানে সামান্য ঝুট ঝামেলা বা ঝগড়া হতেই পারে। তবে আমাদের মনে রাখতে হবে তা যেন নির্যাতন পর্যায়ে না যায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, ইএএলজি প্রকল্পের জেলা সমস্বয়ক সৈয়দ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বড়দল দক্ষিণ ইউপি চেয়ারম্যান হাজী আজহার আলী, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ^জিত সরকার, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত নারী-পুরুষ সকলকে নারী র্নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করান।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থীদের কোভিড ১৯ ২য় ডোজের টিকা সম্পন্ন
- জগন্নাথপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক সভা


