তাহিরপুরে নির্বাচনী সহিংসতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান-মেম্বার পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সমর্থকদের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষের ঘটনায় সোমবার বেলা ১১টায় বিএনপি মনোনীত পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সবুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়ছড়া সবুজ আলমের কয়লা ডিপোতে আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইউনূছ আলীর সমর্থক আব্দুল হক (৬০) কে দা দিয়ে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত আব্দুল হকের ছোট ভাই ফজলু মিয়া বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান সবুজ আলমকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে তাহিরপুর  
থানায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বর্তমান চেয়ারম্যান সবুজ আলমকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে তাহিরপুর সদর ইউনিয়নে বিজয়ী মেম্বার প্রার্থী বিলাল আমিন ও পরাজিত প্রার্থী দুলাল বর্মন ও রমজান আলীর সমর্থকদের মধ্যে সোমবার সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ বাধে। এতে প্রায় ১০ ব্যক্তি আহত হয়। আহতদের সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণ বড়দল ইউনিয়নে বড়দল গ্রামে শামীম মিয়া ও আনফর আলী পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে ২জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ এ সকল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘নির্বাচনী সহিংসতায় উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণ করছি। একটি সংঘর্ষের মামলায় চেয়ারম্যান সবুজ আলমকে গ্রেফতার করা হয়েছে।